এমটিনিউজ ডেস্ক : ভোজ্যতেলের দাম বৃদ্ধিতে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে দেশের বাজারে। এ দফায় লিটারে তিন টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেল ২০৭ টাকা এবং খোলা সয়াবিনের দাম ১৮৮ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এর আগে ২০২২ সালে বোতলের সর্বোচ্চ ২০৫ টাকা ও খোলা সয়াবিনের ১৮৫ টাকা দর উঠেছিল। তাই নতুন এই দর প্রায় সাড়ে চার বছর আগের সর্বোচ্চ দরের রেকর্ড ভাঙল।
জানা গেছে, চলতি বছরের শুরুতে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৫ টাকা। এর পর ২৯ এপ্রিল চার টাকা বাড়িয়ে ১৯৯ টাকা এবং ২ সেপ্টেম্বর পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়। এখন বাড়ানো হলো লিটারে তিন টাকা। অর্থাৎ, তিন দফায় লিটারে ১২ টাকা বাড়ল।
সরকার বলছে, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় ও সরবরাহ পরিস্থিতি বিবেচনাতেই এই দাম বৃদ্ধি করতে হয়েছে। ব্যবসায়ীদের দাবি, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের বুকিং দর বৃদ্ধি, ডলারের উচ্চমূল্য এবং আসন্ন রমজানে সরবরাহ স্বাভাবিক রাখতেই এই বৃদ্ধি। তবে বাজার বিশ্লেষকরা বলছেন, ২০২২ সালে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধসহ নানা ইস্যু সামনে আনলেও এবার ব্যবসায়ীরা সেরকম জুতসই অজুহাত দাঁড় করাতে পারেননি।
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে দেশের ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৮৫ টাকা থেকে ১৮৮ টাকা করা হয়েছে। তবে খোলা পাম অয়েলের দাম লিটারপ্রতি আগের মতো ১৬৬ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।