এমটিনিউজ ডেস্ক : বাংলাদেশকে সামরিকভাবে পরাজিত করা ভারতের জন্য সহজ হবে না বলে মন্তব্য করেছেন নিরাপত্তা বিশ্লেষক আবু রুশদ। তার মতে, ভারতের সামরিক বাহিনীর সদস্যসংখ্যা বেশি হলেও একসঙ্গে সব সেনা বাংলাদেশের সীমান্তে মোতায়েন করা সম্ভব নয়। কারণ, পাকিস্তান ও চীন সীমান্তসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারতকে বিপুলসংখ্যক সেনা মোতায়েন রাখতে হয়।
সম্প্রতি এক আলোচনায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশকে সামরিক চাপ প্রয়োগ করে সহজেই পরাস্ত করা যাবে—এমন ধারণার সমালোচনা করে আবু রুশদ বলেন, ‘তো শুধু ওই যে আমাদের দেশে অনেকে মানে হাসি তামাশা করে আমাদের বিষয় নিয়ে, আমাদের এইগুলা দিয়ে কি হবে, দুইটা চাপ দিলেই তো পড়ে যাবে। নো জনাব, চাপ দিলে পড়বে না।’
তিনি বলেন, ‘আপনারা যেই থিসিস নিয়ে ছিলেন ৭২ সাল থেকে সেনাবাহিনী রাখবেন না, সেইটা পড়েছিলেনই আপনারা দেশকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য। তখন পড়ে যাইত। এরপর আর এটা পড়ার সম্ভাবনা নাই। হ্যাঁ, আপনি অনেক রাজনৈতিক টানাপোড়েন হবে, আমাদের নিজেদের মধ্যে রাজনৈতিক গন্ডগোল হবে, এটা ওটা হবে, সেটা ঠিক আছে। কিন্তু তারপরের থেকে কিন্তু বাংলাদেশ আর পড়ে যায়নি। বাংলাদেশের এই অস্তিত্ব কিন্তু টিকেই আছে।’
ভারতের সামরিক সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন এই নিরাপত্তা বিশ্লেষক। তিনি বলেন, ‘চীনের সাথে যুদ্ধ করে দাঁড়ানোর ক্ষমতা আছে ভারতের? সেই টেকনোলজি আছে? ভারতের সেই পরিমাণ বিমান আছে? সেই পরিমাণ ট্যাংক আছে? ভারতের সেই পরিমাণ সৈন্য আছে?’
ভারতের সেনাবাহিনীর সদস্যসংখ্যা ও বিভিন্ন সীমান্তে তাদের অবস্থানের বিষয়টি তুলে ধরে আবু রুশদ বলেন, ‘আচ্ছা এখন ভারতের যে সশস্ত্র বাহিনী আছে ১২ লাখের মত সেনাবাহিনী আছে, সেটা পাকিস্তান সীমান্তে রাখবে, কাশ্মীরে রাখে, তারপরে চীন সীমান্ত ৩,০০০ কিলোমিটার ওইখানে রাখে। ওই যে সোনাই মনির যে অঞ্চল দিয়ে ঘুরতে ঢুকতেছে, পিছনে হাটে পালায়। তারপরে উত্তর-পূর্ব ভারতের মণিপুর, মিজোরাম এগুলা নাগাল্যান্ড এসব জায়গায় সেনাবাহিনী রাখে, আসামে রাখে, এরপরে বাংলাদেশ সীমান্তে বাকিটা রাখে। তার মানে ও বাংলাদেশ সীমান্তে ১২ লাখ কখনো আনতে পারবে না। ও পাকিস্তান সীমান্তেও ১২ লাখ নিয়ে যেতে পারবে না।’
বাংলাদেশের বর্তমান সামরিক অবকাঠামো যথাযথভাবে ধরে রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘এখন আমাদের যা আছে, এটাকেই মোটামুটি ঠিক রাখলে আমাদের জন্য মোটামুটি চলে, এনাফ।’
অত্যাধুনিক সমরাস্ত্রের চেয়ে সামরিক অবকাঠামো ও প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন আবু রুশদ। তার ভাষায়, ‘আমাদের কোন অত্যাধুনিক জঙ্গি বিমান, অত্যাধুনিক যুদ্ধ জাহাজ, সাবমেরিন, এইটা সেইটা এত কিছু আমাদের দরকার নাই। এইখানকার ভূমি যেরকম, সেখানে এত কিছুর দরকার নাই। কিন্তু আমাদের মূলত যে সশস্ত্র বা সেনাবাহিনী, যে এই যে অবকাঠামোটা এটা দরকার।’
ভারতের ১২ লাখ সেনার সঙ্গে বাংলাদেশের সামরিক সক্ষমতার তুলনা প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতেরও যেমন একেবারে আমেরিকার মত সমরাস্ত্র দরকার নাই, পাকিস্তানেরও দরকার নাই। সুতরাং আপনারা যারা এইটা বলে ভারতের তো ১২ লাখ আর্মি আছে বাংলাদেশ কি করবে? ও তো ১২ লাখ নিয়ে আমার এখানে আসবে না।’
বাংলাদেশের সামরিক বাহিনীর ১০ ডিভিশনের কথা উল্লেখ করে আবু রুশদ বলেন, ‘আমার এই ১০ ডিভিশন আমি বললাম তো যে এইটাকে পরাস্ত করতে গেলে ওরে ৩০ ডিভিশন আনতে হবে। ৩০ ডিভিশন জীবনও বাংলাদেশ সীমান্তে মোতায়েন করতে পারবে না। এটা হলো সহজ সরল হিসাব। এর বাইরে লাগবে আরও বেশি।’
ভারতের যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জাম এক সীমান্ত থেকে অন্য সীমান্তে সরিয়ে আনার সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন তিনি। আবু রুশদ বলেন, ‘তো ভয় পাই— এগুলা নিয়ে কি কথা বলে? ধরেন ওদের জঙ্গি বিমান যা আছে, পরিবহণ বিমান যা আছে, আপনি কি মনে করেন হ্যাঁ আমাদের জঙ্গি বিমান এগুলা আমাদের কম, আমাদের এই নাই, আমাদের দেশ ছোট এপাশ থেকে ওপাশে উড়ে যেতে খুব কম সময় লাগে। তো ও কি পাকিস্তান সীমান্ত থেকে সব জঙ্গি বিমান, ট্যাংক বাংলাদেশ সীমান্তে আনবে? ও কি পাগল? ভারত পাগল? তো তো পাকিস্তান ওই এলাকা তামা বানায় ফেলবে।’