শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ০৯:৪৬:৪০

শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে এখন ৩ পথ, রয়েছে যে ঝুঁকি

শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে এখন ৩ পথ, রয়েছে যে ঝুঁকি

এমটিনিউজ ডেস্ক : শেখ হাসিনার ভারতে অবস্থান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একদিকে বাংলাদেশের প্রত্যর্পণের দাবি, অন্যদিকে ভারতের দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক ও আঞ্চলিক নিরাপত্তার হিসাব—সব মিলিয়ে শেখ হাসিনাকে নিয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছে নয়াদিল্লি। বিশ্লেষকদের মতে, প্রত্যর্পণ, ভারতে অবস্থান অব্যাহত রাখা কিংবা তৃতীয় কোনো দেশে স্থানান্তর—এই তিনটি পথের যেকোনোটি বেছে নিতে পারে ভারত। তবে প্রতিটি সিদ্ধান্তের সঙ্গেই রয়েছে কূটনৈতিক ঝুঁকি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তার অবস্থান ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের অন্যতম স্পর্শকাতর বিষয়ে পরিণত হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দেওয়ার জন্য প্রত্যর্পণের আবেদন করা হয়েছে। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনুপস্থিতিতে মানবতাবিরোধী অপরাধের দায়ে তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। তবে শেখ হাসিনা অভিযোগ অস্বীকার করে বিচারপ্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন।

ভারত এখনো প্রত্যর্পণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি প্রচলিত আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী বিবেচনা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা ভারতের জন্য শুধু একজন সাবেক সরকারপ্রধানকে ফেরত পাঠানোর বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক, বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতা এবং আঞ্চলিক স্বার্থ।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে এখন তিনটি পথ রয়েছে। প্রথমত, শেখ হাসিনার প্রত্যর্পণ। এতে বাংলাদেশের নতুন সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের সুযোগ সৃষ্টি হতে পারে। তবে ভারতের দীর্ঘদিনের রাজনৈতিক অংশীদারিত্বের হিসাব এতে নতুনভাবে প্রভাবিত হবে। 

দ্বিতীয়ত, ভারতে তার অবস্থান অব্যাহত রাখা। এতে ভারত তাৎক্ষণিকভাবে প্রত্যর্পণসংক্রান্ত সিদ্ধান্ত এড়িয়ে যেতে পারে। কিন্তু বাংলাদেশের সঙ্গে সম্পর্কের আস্থার সংকট দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি থাকবে। 

তৃতীয়ত, তৃতীয় কোনো দেশে স্থানান্তরের সম্ভাবনা। এই তিনটি পথের প্রতিটিতেই ভারতের জন্য রাজনৈতিক ও কূটনৈতিক কিছু সুবিধা যেমন রয়েছে তেমনি ঝুঁকি রয়েছে।

শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে নতুন করে জটিলতা তৈরি হয়েছে তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন নিয়েও। ৯ নভেম্বর প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের কাছে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়েছিলেন তিনি। তার আইনজীবীদের চিঠির বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়। তবে বাংলাদেশ সরকার তার আবেদন প্রত্যাখ্যান করেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনাকে ঘিরে ভারতের সিদ্ধান্ত শুধু দুই দেশের বর্তমান সম্পর্ক নয়, ভবিষ্যৎ আঞ্চলিক কূটনীতিতেও প্রভাব ফেলবে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখা এবং পুরোনো রাজনৈতিক অংশীদারত্বের হিসাব—দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই এখন দিল্লির বড় চ্যালেঞ্জ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।