শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ০৯:৫২:১০

এবার টেক্সটাইল শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণের উদ্যোগ

এবার টেক্সটাইল শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণের উদ্যোগ

টেক্সটাইল শিল্পের শ্রমিকদের জন্য ন্যায্য, বাস্তবসম্মত ও যুগোপযোগী ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। 

প্রাথমিক প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ন্যূনতম মজুরি বোর্ডের সঙ্গে সমন্বয় ও যোগাযোগ অব্যাহত রয়েছে। 

শ্রমিক, শ্রমিক সংগঠন, মালিকসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে নির্ধারিত সময়ের আগেই নতুন মজুরি কাঠামো প্রণয়নের প্রক্রিয়া সম্পন্ন করতে চায় সংগঠনটি।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিটিএমএ। এতে বলা হয়, দেশের বস্ত্র ও তৈরি পোশাক খাত একে অপরের পরিপূরক হিসেবে দেশের রপ্তানি বাণিজ্যে অসামান্য ভূমিকা রাখছে। বাংলাদেশের অর্থনীতি, রপ্তানি আয়, কর্মসংস্থান এবং তৈরি পোশাকশিল্পের বিকাশে প্রাথমিক বস্ত্রশিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

এ অবস্থায় তৈরি পোশাক খাতের শিল্প শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি চূড়ান্ত হওয়ার প্রেক্ষাপটে বস্ত্র খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি সমভাবে অগ্রগণ্য।

বর্তমান প্রেক্ষাপটে বিটিএমএ দেশের টেক্সটাইল শিল্পের শ্রমিকদের জন্য একটি ন্যায্য, বাস্তবসম্মত ও যুগোপযোগী ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণের প্রস্তুতি গ্রহণ করেছে। ইতোমধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ন্যূনতম মজুরি বোর্ডের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় ও যোগাযোগ অব্যাহত রেখেছে।

উদ্বেগ জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিএমএ বলছে, নতুন মজুরির দাবিতে টেক্সটাইল খাতে অনেক শিল্পকারখানায় শিল্প শ্রমিকদের একটি ক্ষুদ্র অংশ বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াসে লিপ্ত রয়েছে। এ ধরনের শিল্প ও দেশবিরোধী কর্মকাণ্ডে একটি স্বার্থান্বেষী মহলের ইন্ধন ও উসকানি রয়েছে বলে সুস্পষ্টভাবে প্রতীয়মান। যার ফলস্বরূপ পোশাকশিল্পে অরাজকতার কারণে বিপুল অঙ্কের অর্ডার অন্যত্র স্থানান্তরিত হয়েছে। রপ্তানি খাতের একটি বৃহৎ শিল্পে এ ধরনের অরাজকতা সার্বিকভাবে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে, যা কোনোভাবেই বাংলাদেশের সচেতন কোনো নাগরিকের কাছে কাম্য নয়। শ্রমিকদের যে দাবির বিষয়ে ইতোমধ্যেই সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে, সে বিষয়ে দাবি আদায়ের জন্য অরাজকতা সৃষ্টি করে উৎপাদন ব্যাহত করা আত্মঘাতী এবং এ ক্ষেত্রে আন্দোলনের যৌক্তিকতা স্বভাবতই প্রশ্নবিদ্ধ।

টেক্সটাইল শিল্পে কর্মরত শ্রমিক, শ্রমিক সংগঠন ও মালিকপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বিটিএমএ বলছে, উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে শ্রমিক, শ্রমিক সংগঠন, মালিকসহ সংশ্লিষ্ট সব অংশীজনকে ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। কেননা, একটি যৌক্তিক ও শ্রমিকবান্ধব শিল্পের জন্য সহায়ক একটি ভারসাম্যপূর্ণ নতুন ন্যূনতম মজুরি কাঠামো প্রণয়নে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। এ খাতের নতুন ন্যূনতম মজুরি কাঠামো শিল্প শ্রমিকদের কাছে যৌক্তিক, প্রতিপন্ন ও গ্রহণযোগ্য হবে।

প্রসঙ্গত, ২০২৪ সালে টেক্সটাইল শিল্পের জন্য ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল, যা ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর আছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।