রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ০৩:৫২:১৩

এবার সেনা মোতায়েন নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

এবার সেনা মোতায়েন নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

এমটিনিউজ ডেস্ক : দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নতুন করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ঢাকাসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকে এবং প্রয়োজন অনুযায়ী দায়িত্ব পালন করে। এটি তাদের নিয়মিত কার্যক্রমের অংশ। সেনাবাহিনী নতুন করে মোতায়েনের বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই।

পদ্মা সেতুর নওডোবা এলাকায় সংঘর্ষ ও প্রাণহানির বিষয়ে তিনি বলেন, ‘ফজরের নামাজের পর ওই এলাকায় একটি ঘটনা ঘটেছে। বেশ কিছু লোক পদ্মা সেতুতে এসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল। তবে তাদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে কি না, তা এখনো তদন্ত করে দেখা হয়নি।’ এ ঘটনায় দুজনের প্রাণহানির খবর পেয়েছেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অত্যন্ত ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছেন। বর্তমানে সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে ঢাকায় কিছুটা নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।