রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ০৭:২০:৪৫

আ. লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী কাউকে ধরিয়ে দিতে পারলে মিলবে পুরস্কার

আ. লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী কাউকে ধরিয়ে দিতে পারলে মিলবে পুরস্কার

এমটিনিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী কাউকে ধরিয়ে দিতে পারলে পুরস্কারের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ ঘোষণা দেন।

আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে যুবদল নেতা কে এম মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ‌‘শেখ হাসিনা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলছেন। আমি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক হিসেবে নির্দেশনা দিচ্ছি, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন। প্রতিটি পাড়া-মহল্লায় দেখবেন কোনো দোসর আছে কি-না। তাদেরকে ধরে আমাকে ফোন দেবেন। আমরা পুলিশ পাঠিয়ে তাদেরকে জেলে ভরবো। তবে কেউ আইন হাতে তুলে নেবেন না।’

তিনি আরও বলেন, ‘আপনারা সসম্মানে তাদেরকে পুলিশের হাতে তুলে দেবেন। যদি কোনো পদধারী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে ধরিয়ে দিতে পারেন, তাহলে তার জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে। আপনারা প্রতিদিন মাঠে থাকবেন। রুটিন করে কর্মসূচি পালন করবেন। বাংলার মানুষ বিএনপির সঙ্গে আছে, তারেক রহমানের সঙ্গে আছে।’

যুবদল নেতা কে এম মাজহারুল ইসলাম জোসেফের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, মহানগর বিএনপির সদস্য শওকত হাসেম শকু, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা এবং বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।