রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ০৯:১১:০৭

মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার সময় নতুন করে নির্ধারণ

মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার সময় নতুন করে নির্ধারণ

এমটিনিউজ ডেস্ক : দেশের মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার সময় নতুন করে নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত এবং বাকি তিন দিন রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও মার্কেট খোলা রাখা যাবে। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সঙ্গে সরকারের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ সচিব, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির প্রতিনিধিদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সমিতির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বৈঠকে মার্কেট ও বিপণিবিতানে সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করতে বিশেষ ঋণ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হয়। যেসব মার্কেট সৌরবিদ্যুতের প্যানেল স্থাপন করতে চায়, তাদের ৫ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদে ঋণ দেবে সরকার। তবে স্থাপন করা সৌর প্যানেলের মান নিশ্চিত করার ওপর বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থাপন করা সৌর প্যানেলগুলো অবশ্যই মানসম্মত হতে হবে। এ জন্য সংশ্লিষ্ট প্যানেলের ক্ষেত্রে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর সনদ গ্রহণ করতে হবে। এরপরও নিম্নমানের সৌর প্যানেল ব্যবহার করা হলে বিএসটিআই এবং স্থাপনকারী প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হয়েছে।

বৈঠকে দেশের বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টিও তুলে ধরেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। তিনি বলেন, “দেশে প্রতিদিন তিন থেকে পাঁচবার বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে। সাধারণ মানুষ এসব ঘটনাকে লোডশেডিং মনে করলেও এগুলো মূলত বিদ্যুৎ বিভ্রাট।”

সংবাদ বিজ্ঞপ্তিতে থাইল্যান্ডের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের তুলনাও তুলে ধরা হয়। এতে বলা হয়, থাইল্যান্ডের আবহাওয়া বাংলাদেশের মতো হলেও সেখানে একজন গ্রাহক গড়ে বছরে একবার পাঁচ থেকে সাত মিনিটের বিদ্যুৎ বিভ্রাটের শিকার হন। অন্যদিকে বাংলাদেশে একজন গ্রাহক বছরে প্রায় ১ হাজার ৯৫ বার বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়েন। এ পরিস্থিতিকে অগ্রহণযোগ্য উল্লেখ করে বিদ্যুৎ বিভ্রাট কমাতে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান সমিতির সভাপতি।

জবাবে বিদ্যুৎমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।