রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১১:৫৯:৩৪

এবার বড় সুখবর গ্যাস নিয়ে

এবার বড় সুখবর গ্যাস নিয়ে

এমটিনিউজ ডেস্ক : ভোলা নর্থ গ্যাসক্ষেত্রের নতুন খনন করা ‘ভোলা নর্থ-৩’ নামের তৃতীয় কূপের তৃতীয় স্তরেও গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এ স্তর থেকে দৈনিক ১২ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের প্রাথমিক সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (২৯ নভেম্বর) ভোরে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে ভোলা নর্থ-৩ গ্যাসকূপের তৃতীয় স্তরে আগুন জ্বালানোর মধ্য দিয়ে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) কার্যক্রম শুরু করা হয়, যা এখনো চলমান রয়েছে।

বাপেক্স জানায়, ভোলা নর্থ-৩ নামের কূপটি ৩ হাজার ৫২৬ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে। এতে প্রথম স্তর থেকে দৈনিক ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট, দ্বিতীয় স্তরে ৩ হাজার ২৬১ দশমিক ৫ থেকে ৩ হাজার ২৬৬ দশমিক ৫ মিটার গভীর থেকে দৈনিক ১৮ থেকে ২০ মিলিয়ন ঘনফুট এবং তৃতীয় স্তরে ৩ হাজার ১৮৭ থেকে ৩ হাজার ১৯০ মিটার গভীর থেকে দৈনিক ১২ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে। চূড়ান্ত গ্যাস মজুতের পরিমাণ সম্পর্কে ডিএসটি শেষ হওয়ার পর জানানো হবে বলে জানিয়েছে বাপেক্স।

বাপেক্স আরও জানায়, গত ৯ সেপ্টেম্বর থেকে ভোলা নর্থ-৩ নামে নতুন কূপ খননের কাজ শুরু হয়ে ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খনন করা হয়। পরে গত ১৪ নভেম্বর পারফোরেশন সম্পন্ন হয় এবং ১৫ নভেম্বর সকালে প্রথম স্তরের ডিএসটি শুরু করা হয়। এরপর ২২ নভেম্বর দ্বিতীয় স্তরের ডিএসটি শুরু হয়েছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।