এমটিনিউজ ডেস্ক : ঢাকা কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে আটকের পর গণপিটুনি দেন ছাত্রদলের নেতাকর্মীরা
ঢাকা কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে আটকের পর গণপিটুনি দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
ওই কর্মীর নাম মুন্না শেখ। তিনি ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ফরিদপুরে।
রোববার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কলেজের মূল ফটকের সামনে থেকে মুন্নাকে আটক করা হয়। এসময় তার মোবাইল ফোন অনুসন্ধানের পর তার সঙ্গে যোগাযোগকারী অন্য ছাত্রলীগের নেতাদের ধরতে অভিযান চালান ছাত্রদলের নেতাকর্মীরা। তারা জানান, মুন্নার ফোনে ফরিদপুর, গাজীপুরসহ বিভিন্ন জায়গার ছাত্রলীগের সিনিয়র নেতাদের সঙ্গে তার প্রতিনিয়ত যোগাযোগের প্রমাণ পাওয়া যায়।
এ বিষয়ে কলেজ ছাত্রদলের সদস্যসচিব মিল্লাদ হোসেন বলেন, ‘আমরা যাকে আটক করেছি তার বাড়ি ফরিদপুরে। সে ঢাকা কলেজ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। আমাদের কাছে তথ্য ছিল, সে এই জায়গায় আসছে এবং কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এই তথ্যের ভিত্তিতে তাকে আটক করেছি এবং পুলিশে খবর দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘তার (মুন্না) সঙ্গে ছাত্রলীগের অনেক গুরুত্বপূর্ণ নেতার যোগাযোগ রয়েছে। ফরিদপুর, গাজীপুরসহ অনেক জায়গার অনেক বড় বড় নেতার সঙ্গে তার প্রতিনিয়ত যোগাযোগ হতো, আমরা সেটা তার ফোনের মাধ্যমে জানতে পেরেছি।’
এ বিষয়ে জানতে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।