বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ০৭:৫২:১৯

আমরা মারা গিয়েছি, এটাই সত্যি: মেসি

আমরা মারা গিয়েছি, এটাই সত্যি: মেসি

স্পোর্টস ডেস্ক: সৌদি আরবের বিরুদ্ধে ১০ মিনিটে মেসির প্রথম গোলের পরে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ৫ মিনিটের ব্যবধানে সৌদি আরব দুটি গোল দিতেই বদলে যায়। এ ভাবে হারতে হবে তা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি মেসিরা। 

হারের ধাক্কায় ভেঙে পড়েছে পুরো দল। আর্জেন্টিনার সংবাদপত্র ‘ক্ল্যারিন’ জানিয়েছে, হারের পরে স্টেডিয়ামের টানেল দিয়ে ঢোকার সময় আর্জেন্টিনার ফুটবলাররা একে অপরের সঙ্গে কথা বলছিলেন না। লুসাইল স্টেডিয়ামের সাজঘরে প্রায় ১ ঘণ্টা বসেছিলেন ফুটবলাররা। 

সেখানে মেসি মুখ খোলেননি। কিন্তু বাসে ওঠার আগে সাংবাদিকদের সামনে মেসি বলেন, ‘‘আমরা মারা গিয়েছি। এটাই সত্যি। কারণ, আমরা ভাবতে পারিনি এ ভাবে হারব। তিন পয়েন্টের আশায় মাঠে নেমেছিলাম। সব কিছুর একটা কারণ থাকে। সামনে যা আসবে তার জন্য তৈরি থাকতে হবে। আমাদের জিততেই হবে। সবটাই আমাদের উপর নির্ভর করছে।’’

কাতার বিশ্ববিদ্যালয়ের শিবিরে ফেরার পথে বাসের মধ্যেও মুখ খোলেন নেতা মেসি। বদলা নেওয়ার বার্তা দিয়েছেন তিনি। বাসে সতীর্থদের উদ্দেশে মেসি বলেন, ‘‘আমরা জানি এই দলটা কী দিয়ে তৈরি? সেটা আমাদের মাথায় রাখতে হবে। আরও বেশি শক্তিশালী হয়ে উঠতে হবে। সামনের দিকে তাকাও।’’ 

কাতার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে নিজের ঘরে চলে যান মেসি। বাকি ফুটবলাররাও নিজেদের ঘরে যান। একসঙ্গে খেতে নামেননি তারা। ঘরে থেকে পরিবার, বন্ধুদের সঙ্গে কথা বলেছেন। ফুটবলারদের আত্মবিশ্বাস তুলে ধরতে মঙ্গলবার রাতেই একটি বৈঠক ডাকেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। 

আর্জেন্টিনা দলে বেশির ভাগ ফুটবলার তরুণ। তারা এ বারই প্রথম বিশ্বকাপ খেলছেন। এই হারের ধাক্কায় তাদের মনোবল তলানিতে চলে যেতে পারে, এই আশঙ্কা করেছেন কোচ। তাই সবাইকে ডেকে মানসিক ভাবে চাঙ্গা করার চেষ্টা করেছেন তিনি। সেখানে কথা বলেছেন মেসিও। গ্রুপের বাকি দুই ম্যাচে তাদের কেমন খেলতে হবে সে বিষয়ে কথা বলেছেন মেসিরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে