স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করলেও ভারতের বিপক্ষে ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুই দলের মধ্যকার এই ম্যাচটি ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে হওয়ার কথা থাকলেও পাকিস্তানের বয়কটের কারণে আইনি জটিলতায় পড়তে পারে পিসিবি। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই সূত্রে এই তথ্য জানা গেছে।
পাকিস্তানের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে ভারতের মধ্যে উগ্র হিন্দুত্ববাদীদের চাপ ও সাম্প্রতিক কিছু রাজনৈতিক-নিরাপত্তা ইস্যু। ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার ঘটনাও উত্তেজনা বাড়িয়েছে। এরপর নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেদের সরে দাঁড়ায়। বাংলাদেশকে বাদ দিয়ে শ্রীলঙ্কায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি।
এইসব ঘটনার প্রেক্ষিতে আইসিসির দ্বিচারিতার অভিযোগ এনে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নেয়। পিসিবি সূত্রের বরাতে পিটিআই জানায়, এই সিদ্ধান্তের কারণে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি পিসিবিকে কঠোর বার্তা দিয়েছে।
আইসিসি পিসিবিকে জানিয়েছে, পাকিস্তান যদি ভারতের বিপক্ষে ম্যাচ না খেলে, তাহলে টুর্নামেন্টের অফিসিয়াল সম্প্রচারক জিওস্টার তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারে। পাশাপাশি, পাকিস্তানের বার্ষিক রাজস্বের পুরো অংশ আটকে রাখা হতে পারে, যা প্রায় ৩ কোটি ৫০ লাখ ডলারের সমপরিমাণ, এবং সেই অর্থ থেকে সম্প্রচারকদের ক্ষতিপূরণও দিতে হতে পারে।
গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাতের আগে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আইন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করলেও পিসিবি এখন গুরুতর শাস্তির মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে।
পিসিবি এক সূত্র পিটিআইকে জানায়, ভারতের বিপক্ষে না খেললে শুধু আর্থিক জরিমানা নয়, আইসিসির ডিসপিউট রেজোল্যুশন কমিটিতে (ডিআরসি) যাবার সুযোগও প্রায় শূন্য।’ ডিআরসি হল একটি অভ্যন্তরীণ কমিটি যা আইসিসির নিজস্ব বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনে না।
পিসিবি সূত্র আরও বলেছে, সরকারের নির্দেশে ভারত-বিরুদ্ধে ম্যাচ বর্জন হলেও পাকিস্তান সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে খেলছে। ভারত সরকার অবশ্য তাদের দলকে পাকিস্তানে খেলার অনুমতি না দিলেও, পূর্বের এশিয়া কাপ বা অন্যান্য আইসিসি ইভেন্টে নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে খেলার অনুমতি দিয়েছে।
আইসিসির সঙ্গে সম্প্রচারকদের দীর্ঘ মেয়াদী চুক্তি রয়েছে, যেখানে ভারত-পাকিস্তান ম্যাচ অন্তর্ভুক্ত। ম্যাচ বর্জনের ফলে চুক্তি ভঙ্গের অভিযোগে আইনি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। সম্প্রচারকরা আদালতে পিসিবি ও আইসিসির বিরুদ্ধে অভিযোগ করতে পারে।