সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:১৮:১৯

পিসিবি চেয়ারম্যান অজ্ঞ ও অযোগ্য: শোয়েব আখতার

পিসিবি চেয়ারম্যান অজ্ঞ ও অযোগ্য: শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে ৬১ রানের বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। পরাজয়ের পর পাকিস্তান ক্রিকেট (পিসিবি) বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভিকে ধুয়ে দিলেন সাবেক পেসার শোয়েব আখতার। পিসিবি চেয়ারম্যানকে অভিহিত করেছেন অজ্ঞ ও অযোগ্য বলে।

ম্যাচের পর শোয়েব আখতার ভারতীয় নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘একজন ক্রিকেট চালাতে জানেন না কিন্তু তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। এখন কী করা যেতে পারে? এখন দল কীভাবে চলবে?’

মহসিন নাকভির ওপর ক্ষিপ্ত শোয়েব সমালোচনা করেছেন পিসিবির বড় পদে বসার প্রক্রিয়া নিয়েও। শোয়েব আখতার বলেন, ‘বিশ্বের সবচেয়ে বড় অপরাধ কী জানেন? দুনিয়ার সবচেয়ে বড় অপরাধ হলো, আপনি একজন অযোগ্য ব্যক্তিকে বড় পদে চাকরি দেওয়া। আপনি যখন অযোগ্য ও অজ্ঞদের বড় বড় চাকরি দেবেন, তখন তারা দেশকে ধ্বংস করে দেবে। সে যেকোনও ইতিসাহসকে নষ্ট করে দেবে। নজির আপনাদের সামনে রয়েছে।’

বয়কটের শোর তোলার পর সেটি থেকে সরে আসে পাকিস্তান। ফলে মাঠে গড়ায় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর খেলা। ম্যাচ দেখতে মাঠে আসা নাকভি অবশ্য হারার আগেই স্টেডিয়াম ত্যাগ করেন। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, পাকিস্তানের ৫ উইকেট পড়ে যাওয়ার পরেই স্টেডিয়ামে আর নকভিকে দেখা যায়নি। কিছুক্ষণ পরে দেখা যায়, স্টেডিয়াম থেকে তার গাড়ি বেরিয়ে যাচ্ছে। এর আগে, ম্যাচের আগে দলের সদস্যদের সঙ্গে গিয়ে দেখা করে এসেছিলেন। তবে ম্যাচ শেষে দলের সদস্যদের সঙ্গে আর দেখা করেননি নকভি।

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ভারতের কাছে এই নিয়ে অষ্টমবার হেরেছে পাকিস্তান। একবারই জিতেছিলে সেটি ২০২১ আসরে। এদিকে ভারতের কাছে হেরে পাকিস্তান আপাতত যুক্তরাষ্ট্রের নিচে চলে গিয়েছে ‘এ’ গ্রুপে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে