বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:২৪:১৪

যে শর্ত পার হয়ে আসতে হবে সাকিব-মাশরাফিকে

যে শর্ত পার হয়ে আসতে হবে সাকিব-মাশরাফিকে

এমটিনিউজ২৪ ডেস্ক : সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটে ফিরছেন-এমন সংবাদ অনেক দিন ধরেই ঘুরে বেড়াচ্ছে। তবে কবে তিনি ফিরবেন, এটির নিশ্চয়তা কেউই দিতে পারেনি। কিন্তু আজ অবশেষে সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক স্পষ্টভাবে জানিয়েছেন, কোন প্রক্রিয়ায় সাকিব-মাশরাফি দেশের ক্রিকেটে আবার ফিরতে পারবেন। 

সাকিব-মাশরাফি বাংলাদেশের ক্রিকেটে আবারও প্রাসঙ্গিক হতে পারবেন, তবে তাতে একটি শর্ত পার হয়ে আসতে হবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। শর্তটাও খুবই সহজ, দেশের এই দুই ক্রিকেটারের নামে থাকা যে মামলা সেগুলোর সমাধান করা। এই ইস্যুতে সরকার শতভাগ নমনীয় থাকবে বলে জানিয়েছেন আমিনুল হক।

সাকিব-মাশরাফির প্রশংসা করে আজ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আমিনুল হক বলেন, ‘সাকিব এবং মাশরাফি তারা বাংলাদেশের লেজেন্ডারি ক্রিকেটার। তারা যদি নিরপরাধ হয়ে সবকিছু কিউর(সমাধান) করে এসে মাঠে আসেন আমাদের মোস্ট ওয়েলকাম(স্বাগতম) তাদেরকে।’

ক্রীড়া প্রতিমন্ত্রীর মতে, সাকিব-মাশরাফির প্রতি মানুষের ভালোবাসার মাত্রা অনেক। সাকিব-মাশরাফিকে আইনজীবির মাধ্যমে আইনগত বিষয়গুলো দেখার পরামর্শ দিয়েছেন আমিনুল হক, ‘তাদের প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা আমি দেখেছি এবং খেলার প্রতি তাদের যে একটি আকৃষ্টতা রয়েছে, আমি একজন ক্রীড়াবিদ হিসেবে মনে করি যেহেতু তাদের মামলা সংক্রান্ত বিষয়টি রয়েছে সেটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের যে লয়ার(আইনজীবি) রয়েছে এবং তাদের লয়ারের মাধ্যমে তারা যদি আইনগত যে বিষয়গুলো রয়েছে সেগুলো ফেস(মুখোমুখি) করে। তারা যদি নিরপরাধ হয়ে দেশের মাঠে এসে খেলে সেই জায়গাতে আমি একজন স্পোর্টসম্যান হিসেবে অবশ্যই এটাতে তাদেরকে ওয়েলকাম করব।’ 

সাকিব-মাশরাফি ইস্যুতে সরকার শতভাগ নমনীয় থাকবেন বলে আশ্বাস দিয়েছে ক্রীড়া প্রতিমন্ত্রী, ‘আপনাদের যে মামলাগুলো রয়েছে সেগুলো ফেস(লড়াই) করে আপনারা যদি নিরাপরাধ হন আপনারা সবকিছু কিউর(সমাধান) করে এসে যদি আপনারা মাঠে আসেন আমাদের মোস্ট ওয়েলকাম। আমরা এটুকুতে শতভাগ নমনীয় থাকব ইনশাল্লাহ।’ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে