স্পোর্টস ডেস্ক : গত মাসে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্লোবাল কোয়ালিফায়ারে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটার সোবহানা মোস্তারি। ২০২৬ সালের জানুয়ারি মাসের আইসিসির সেরা নারী ক্রিকেটার হয়েছেন এই ক্রিকেটার।।
এই মাসে সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় সোবহানা মোস্তারির প্রতিদ্বন্দ্বী ছিলেন আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস ও যুক্তরাষ্ট্রের বাঁহাতি পেসার টারা নোরিস। দু’জনকে পেছনে মাসসেরার তালিকার শীর্ষে জায়গা করে নিলেন বাংলাদেশি এ তারকা।
গত মাসে নেপালে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাই পর্বে ব্যাট হাতে চমৎকার পারফরম্যান্স সোবহানাকে এনে দিয়েছে এই সম্মাননা। ইংল্যান্ডে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশকে তোলার পথে বড় অবদান রাখেন তিনি। বাছাই পর্বে গত মাসে খেলা ছয় ম্যাচে ৪৫.৮০ গড় ও ১৪৫.৮৫ স্ট্রাইক রেটে ২২৯ রান করেন তিনি।
জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৩০টি ওয়ানডে এবং ৫৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৪ বছর বয়সী এ ব্যাটার।
উল্লেখ্য, মেয়েদের ক্রিকেটে মাস সেরার স্বীকৃতি পাওয়া বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার সোবহানা মোস্তারি। এর আগে, ২০২৩ সালের নভেম্বর মাসের সেরা হয়েছিলেন বাঁহাতি স্পিনার নাহিদা।