স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে প্রীতি ম্যাচ শুরুর আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা ও ব্রাজিল। এই দুই দলের কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটের কারণে দল থেকে ছিটকে পড়েছেন।
ব্রাজিলের ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস হাঁটুর চোটের কারণে দল থেকে নিজেকে প্রত্যাহার করেছেন। আর্সেনালের এই ডিফেন্ডার গত রোববার (২২ মার্চ) কারাবাও কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২–০ হারের ম্যাচে চোট পান। পুরো ম্যাচ খেলার পর মাঠ ছাড়ার সময় ডান হাঁটুর ব্যথার কথা জানান তিনি। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) বিবৃতিতে বলা হয়েছে, পরীক্ষা করে নিশ্চিত হয়েছে যে মাগালহায়েস ফিফা আন্তর্জাতিক বিরতিতে ম্যাচ খেলার জন্য ফিট নন।
অন্যদিকে, আর্জেন্টিনার ডিফেন্সেও চোটের ধাক্কা লেগেছে। রাইটব্যাক গঞ্জালো মন্তিয়েল হ্যামস্ট্রিং চোটের কারণে সামনের দুটি প্রীতি ম্যাচ থেকে ছিটকে পড়েছেন। তার জায়গায় কোচ লিওনেল স্ক্যালোনি ডেকে নিয়েছেন অ্যাতলেটিকো মাদ্রিদের নাহুয়েল মলিনাকে। এছাড়া, সেন্টারব্যাক লিওনার্দো বালের্দিও চোটের কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন। তার বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন রিভার প্লেটের লুকাস মার্তিনেজ কুয়ার্তা।
আর্জেন্টিনা আগামী শুক্রবার (২৭ মার্চ) বুয়েনস আইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে। প্রথম ম্যাচ হবে ২৭ মার্চ, দ্বিতীয় ম্যাচ ৩১ মার্চ।
ব্রাজিলের দলও আগামী বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। ১ এপ্রিল বাংলাদেশ সময় ভোরে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার।