স্পোর্টস ডেস্ক : ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার চেয়ে রাজনীতিবিদ মাশরাফি পরিচয়টা মুখ্য হয়ে উঠেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) ঘরোয়া ক্রিকেটে দেড় বছর ধরে খেলতে পারছেন না তিনি। বাংলাদেশের সাবেক অধিনায়ককে থাকতে হচ্ছে লোকচক্ষুর অন্তরালে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহসভাপতি ফারুক আহমেদ মনে করেন, মাশরাফির বিসিবিতে আসার সম্ভাবনা রয়েছে।
২০১৫ ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনাল, ২০১৬ ও ২০১৮ সালে এশিয়া কাপে ফাইনাল, ভারত-দক্ষিণ আফ্রিকা-পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়— মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ এমন আরও অনেক স্মৃতি ক্রিকেটপ্রেমীদের উপহার দিতে পেরেছে। তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকারদের একসুতোয় মাশরাফি গেঁথেছিলেন বলেই বাংলাদেশ একটা স্বর্ণযুগ পার করেছিল। প্রথম ও একমাত্র অধিনায়ক হিসেবে ওয়ানডেতে বাংলাদেশকে ৫০ ম্যাচ জিতিয়েছেন মাশরাফি।
মিরপুরে আজ লাল দল-সবুজ দলের প্রদর্শনী ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন ফারুক। মাশরাফি কি বিসিবিতে আসতে পারবেন—এই প্রশ্নের উত্তরে বিসিবি সহসভাপতি বলেন, ‘মাশরাফির বাংলাদেশ ক্রিকেটের জন্য যে অবদান ছিল সেটা কিন্তু এখানে লেখা আছে। ওয়ানডে দল আজ যে অবস্থায় এসেছি বা তার সময়টার মধ্যে যে জায়গায় দাঁড়িয়েছিলাম, সেটার পেছনে একটা বিরাট ভূমিকা ছিল পুরো দলকে একত্রিত করার। সেদিক থেকে বিবেচনা করলে তার যদি অন্য কোনো সমস্যা না থাকে বা সে যদি আসতে চায় বোর্ডে, তাহলে আসবে। এটার দায়িত্ব আমি না আসলে।’
এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও জানিয়েছিলেন, মামলা লড়ে নিরাপরাধ প্রমাণ করতে পারলেই ক্রিকেটে ফিরতে পারবেন মাশরাফি। আমিনুলের সুরেই যেন আজ সুর মিলিয়েছেন ফারুক। মিরপুরে স্বাধীনতা দিবসের প্রদর্শনী ম্যাচ শেষে সহসভাপতি বলেন, ‘মাশরাফির ব্যাপারটা তো আমি জানিনা।
তার আইনগত কোনো সমস্যা আছে কি না, এটা আমি জানি না। তবে মাশরাফি তো আপনি জানেন যে একজন অধিনায়ক হিসেবে সে কী করেছে বাংলাদেশের জন্য। এটা যদি আমি আজকে যেমন আমার সম্পর্কে আপনারা অনেক কথা বলবেন, সেটা বলে কিন্তু আমাকে বাংলাদেশের অধিনায়ক থেকে বাদ দিতে পারবেন না আপনি। এটা হয়ে গেছে।’
ক্রিকেট বোর্ডে মাশরাফির অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে প্রশ্ন উঠলে ফারুক স্পষ্ট করে বলেন, ‘মাশরাফির যদি অন্য কোনো সমস্যা না থাকে, তাহলে সে চাইলে ক্রিকেট বোর্ডে আসতেই পারে।’