স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগে নিজেদের শক্তির জানান দিল ফ্রান্স । দারুণ লড়াইয়ে নাটকীয় ফলাফলে ১০ জন নিয়েও ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়েছে দিদিয়ের দেশমের দল।
ম্যাচের নায়ক কিলিয়ান এমবাপ্পে ও হুগো একিতিকে—দুজনের গোলে জয় নিশ্চিত হয় ফরাসিদের।
সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়নদের ম্যাচের শুরুটা ছিল জমজমাট, তবে প্রথম গোল আসে ৩২তম মিনিটে।
উসমান দেম্বেলের বাড়ানো বল ধরে এমবাপ্পে দুর্দান্ত চিপ শটে গোল করে দলকে এগিয়ে দেন।
বিরতির পর ম্যাচে ফিরে আসার চেষ্টা করে ব্রাজিল। তবে ৫৫ মিনিটে বড় ধাক্কা খায় ফ্রান্স। দায়ো উপামেকানো ফাউলের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনে পরিণত হয় দলটি।
সংখ্যায় পিছিয়ে পড়েও দমে যায়নি ফ্রান্স। ৬৫ মিনিটে মাইকেল অলিসের নিখুঁত পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন একিতিকে।
৭৭তম মিনিটে গোলমুখে জটলার সুযোগে ব্রাজিলের হয়ে একটি গোল শোধ দেন ব্রেমার। শেষদিকে ভিনিসিয়ুস জুনিয়র সমতা ফেরানোর দারুণ সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন।
পরিসংখ্যান বলছে, ম্যাচে আধিপত্য ছিল ব্রাজিলেরই। শট ও প্রত্যাশিত গোল—দুটিতেই এগিয়ে ছিল তারা। তবে কার্যকারিতায় পিছিয়ে থাকায় শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।
এই জয়ে বিশ্বকাপের আগে শক্তিশালী বার্তা দিল ফ্রান্স, আর ব্রাজিল বুঝতে পারল, সুযোগ তৈরি করলেই হবে না, তা কাজে লাগানোই আসল।