স্পোর্টস ডেস্ক : রানে নেই, ব্যাটিংয়ে নেই চেনা ছন্দ। ২২ গজে যেন নিজের ছায়া হয়ে গেছেন লিটন দাস। দলের থেকে বাদ পড়া, আবার ফেরা; কিন্তু ফিরেও নেই কাঙ্ক্ষিত সাফল্য। ব্যাটিং পজিশন বদলালেও আসেনি সেই টগবগে পারফরম্যান্স।
সব মিলিয়ে ওয়ানডে ক্রিকেটে দেখা মিলছে ছন্নছাড়া এক লিটনের। অথচ তার ব্যাট হাসলে হাসে বাংলাদেশ, তার ধ্রুপদী স্ট্রোকে মুগ্ধতা ছড়ায় চারদিকে। এখন সেই জায়গাতেই শুধু দীর্ঘশ্বাসের হাহাকার।
সেই লিটন অপেক্ষা করছেন বড় এক মাইলফলকের, এক সেঞ্চুরির। ২০১৫ সালে ওয়ানডে অভিষেক লিটন। ১১ বছরের লম্বা সময়ে ৯৯ ওয়ানডে খেলেছেন তিনি।
আগামীকাল নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে হতে যাচ্ছে তার সেঞ্চুরির ম্যাচ। বাংলাদেশের ১৪তম ক্রিকেটার হিসেবে ওয়ানডের সেঞ্চুরি ছোঁয়ার অপেক্ষায় তিনি।
৯৯ ওয়ানডেতে লিটনের রান ২৭০০। ব্যাটিং গড় ৩০.৩৩। রয়েছে ৫টি সেঞ্চুরি। তবে তার বর্তমান ফর্ম নিয়ে জমে উঠেছে চরম উদ্বিগ্নতা। সবশেষ ১৮ ইনিংসে নেই ফিফটি ছোঁয়া কোনো ইনিংস।
২০২৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে পুনেতে ৬৬ রানের পর লিটনের কোনো ফিফটি নেই। এ সময়ে ১৮ ইনিংসে রান করেছেন মাত্র ২৯৫। মাঝে টানা ৯ ইনিংসে দুই অঙ্কও ছুঁতে পারেননি। এজন্য দল থেকে বাদও পড়েছিলেন। কিন্তু পরে কিছু না করেই আবার তাকে ফেরানো হয়। তবে ফিরেও তার ব্যাট তার হয়ে কথা বলছে না। বরং নিজের ছায়াই হয়ে আছেন তিনি।
আগামীকাল সোমবার নিজের শততম ম্যাচটি খেলবেন লিটন। বড় কিছু করে ম্যাচটা রাঙিয়ে রাখতে পারেন কিনা সেটাই দেখার।
ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ
মুশফিকুর রহিম (২৭৪)
সাকিব আল হাসান (২৪৭)
তামিম ইকবাল (২৪৩)
মাহমুদউল্লাহ রিয়াদ (২৩৯)
মাশরাফি বিন মুর্তজা (২১৮)
মোহাম্মদ আশরাফুল (১৭৫)
আব্দুর রাজ্জাক (১৫৩)
খালেধ মাসুদ (১২৬)
মোহাম্মদ রফিক (১২৩)
মোস্তাফিজুর রহমান (১১৯)
মেহেদী হাসান মিরাজ (১১৮)
হাবিবুল বাশার (১১১)
রুবেল হোসেন (১০৪)
লিটন দাস (৯৯)