স্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রুবেল হোসেন। আজ (২০ এপ্রিল) তাকে আনুষ্ঠানিকভাবে মাঠ থেকে বিদায় দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির কাছ থেকে পেয়েছেন সম্মাননা স্মারক।
মাঠ থেকে বিদায় এবং সম্মাননা স্মারক গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেন রুবেল। এসময় দুই টাইগার কিংবদন্তি সাকিব আল হাসান এবং মাশরাফী বিন মোর্ত্তজার সঙ্গে একই দলে খেলার অনুভূতি ব্যক্ত করেন তিনি।
মাশরাফীর সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগির অভিজ্ঞতা নিয়ে রুবেল বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, মাশরাফী ভাই খুবই মজার একজন মানুষ। আসলে সে এমন একটা মানুষ, ড্রেসিং রুমে সবসময় জুনিয়র খেলোয়াড় যারা আছে... সমবয়সী যারা আছে, সবার সঙ্গে অনেক ভালো সম্পর্ক রাখেন।'
মাঠে সবসময় মাশরাফীর নির্দেশনা অনুযায়ী খেলতেন বলে জানিয়ে রুবেল বলেন, 'আমি যতদিন ক্রিকেট খেলেছি, ভাই আমাকে পরিস্থিতি অনুযায়ী যেভাবে বলেছে, আমি আমার শতভাগ চেষ্টা করেছি।'
দেশের ক্রিকেটের আরেক কিংবদন্তি সাকিবের সঙ্গে রুবেলের সুসম্পর্কের বিষয়টি বেশ আলোচিত একটি বিষয়। অবসরের বিষয়েও সাকিবের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন রুবেল। রুবেল বলেন, 'সাকিব ভাইয়ের সাথে কথা হয়েছে। আমাকে বলেছেন ''আরও কয়েকটা দিন খেলতি।'' আমি তাকে বলেছি অনেকদিন তো বাইরে (জাতীয় দলের) ছিলাম।'
ক্যারিয়ারে পাওয়া সকল সিনিয়রের প্রতি শ্রদ্ধা জানিয়ে রুবেল বলেন, 'আমি সবাইকে আমি সম্মান করি। তাদের সাথে যে আমার স্মৃতিগুলো ছিল, মজার মজার স্মৃতিগুলো ছিল এটা আমার কাছে অনেক স্মরণীয়।'
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রুবেল বলেন, 'আমার কাছে খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হয় এরকম মাঠ থেকে প্রত্যেকটা ক্রিকেটারের বিদায় নেওয়া উচিত। আমার কাছে মনে হয় ভবিষ্যতে যারাই অবসর ঘোষণা করনে মাঠ থেকে বিদায় নিতে দেখতে পারব।'