স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমারের জায়গা পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। নিজেকে প্রমাণ করে বিশ্বকাপ দলে জায়গা পেতে মরিয়া এই তারক। নেইমারকে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় দাবি করে তাকে আসন্ন বিশ্বকাপে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি।
পডকাস্ট অনুষ্ঠান ‘লো দেল পোলো শো’তে আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার বলেন, ‘আমরা চাই সেরা খেলোয়াড়রা বিশ্বকাপে থাকুক। নেইমার ফর্মে থাকুক আর না থাকুক, সে সব সময় সেরাদের একজন। ব্রাজিল এবং ফুটবলের কাছে তার যে গুরুত্ব, তাতে তাকে বিশ্বকাপে দেখাটা হবে দারুণ ব্যাপার। আমি আশা করি সে সেখানে থাকবে। তবে এই বিষয়ে আমার পক্ষে নিরপেক্ষ হওয়া কঠিন, কারণ নেইমারকে সব সময় মাঠেই থাকা উচিত।’
২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনায় এবং ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত পিএসজিতে একসঙ্গে খেলেছেন নেইমার ও মেসি। দীর্ঘদিনের বন্ধুত্বের কারণেই নিরপেক্ষ মতামত দেওয়া কঠিন বলে স্বীকার করেছেন মেসি। তিনি বলেন, ‘আমি নিরপেক্ষ হতে পারছি না, নেইমার আমার বন্ধু। স্বাভাবিকভাবেই আমি চাইব সে বিশ্বকাপে থাকুক। মানুষ হিসেবে সে যেমন, তাতে তার সঙ্গে ভালো কিছু হওয়াই প্রাপ্য। আমি আশা করি সে সেখানে থাকবে।’
নেইমারের প্রশংসা করে আর্জেন্টিনার অধিনায়ক আরও বলেন, ‘সে (নেইমার) খুব চমৎকার একজন মানুষ। সে কোনো অভিনয় করে না; যা অনুভব করে সেভাবেই জীবন কাটায়, পরিণতির কথা ভাবে না। সে খুব হাসিখুশি ও স্বাভাবিক।’
মেসির চোখে এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার স্পেন ও ফ্রান্স। এছাড়া ব্রাজিলকেও ফেভারিটের তালিকায় রাখছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। মেসি বলেন, ‘আমরা জানি দলগুলোর শক্তির বিচারে বিশ্বকাপ সব সময়ই জটিল। কোপা আমেরিকা হোক বা বিশ্বকাপ—যেকোনো টুর্নামেন্ট এলেই সব আর্জেন্টাইনের মতো আমাদেরও আশা থাকে। তবে আমাদের এটাও মানতে হবে যে, অন্য কিছু ফেভারিট দল বর্তমানে আমাদের চেয়ে ভালো অবস্থানে আছে।’