সোমবার, ১১ মে, ২০২৬, ০৯:৫৬:৫২

এবার ক্রিকেটারকে ডিভোর্সের আবেদন

এবার ক্রিকেটারকে ডিভোর্সের আবেদন

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক ইমাদ ওয়াসিম ও তার স্ত্রী সানিয়া আশফাক বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন। রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক বার্তার মাধ্যমে তারা ডিভোর্সের আবেদন করার বিষয়টি নিশ্চিত করেন। প্রথমে ইমাদ ওয়াসিম ইনস্টাগ্রামে এই খবর জানানোর প্রায় দুই ঘণ্টা পর সানিয়া আশফাকের দীর্ঘ বিবৃতি সামনে আসে।

বিচ্ছেদের কারণ হিসেবে ইমাদ ওয়াসিম বছরের পর বছর ধরে চলা ‘অমীমাংসিত মতভেদে’র কথা উল্লেখ করেছেন। তবে সানিয়া আশফাকের বিবৃতিতে বিষয়টি অনেক বেশি বেদনাদায়কভাবে ফুটে উঠেছে। সেখানে তিনি বিচ্ছেদের জন্য সরাসরি একজন ‘তৃতীয় পক্ষ’ বা অন্য এক নারীর হস্তক্ষেপকে দায়ী করেছেন। সানিয়ার দাবি, ওই নারী ইমাদকে বিয়ে করতে চান—আর এটিই তাদের নড়বড়ে হয়ে যাওয়া সংসারে শেষ পেরেক ঠুকে দিয়েছে।

সানিয়া আশফাক আবেগঘন এক বার্তায় লিখেছেন, ‘আমার ঘর ভেঙে গেছে এবং আমার সন্তানদের বাবার স্নেহ থেকে বঞ্চিত করা হয়েছে। আমি তিন সন্তানের মা, যার মধ্যে পাঁচ মাসের একটি দুগ্ধপোষ্য শিশুও রয়েছে, যাকে তার বাবা এখনো একবারের জন্যও কোলে তুলে নেননি।’

তিনি আরও বলেন, অন্য সব দম্পতির মতো তাদের সম্পর্কের মধ্যেও চড়াই-উতরাই ছিল, তবে তিনি সংসার বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন। সানিয়ার অভিযোগ, একজন তৃতীয় পক্ষের হস্তক্ষেপ এবং তার স্বামীকে বিয়ের ইচ্ছাই তাদের দীর্ঘদিনের বৈবাহিক সম্পর্ক ছিন্ন হওয়ার মূল কারণ।

এর আগে ইমাদ ওয়াসিম ইনস্টাগ্রামে বিচ্ছেদের ঘোষণা দিয়ে তাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করেন। একই সঙ্গে ভক্তদের উদ্দেশে তিনি সানিয়ার সঙ্গে তার পুরনো কোনো ছবি যেন শেয়ার না করা হয় এবং ভবিষ্যতে সানিয়াকে যেন তার স্ত্রী হিসেবে সম্বোধন করা না হয়।

ইমাদ ওয়াসিম বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর জন্য আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে বলেন, তিনি তার সন্তানদের বাবা এবং তাদের সব ধরনের দায়িত্ব যথাযথভাবে পালন করে যাবেন।

অন্যদিকে সানিয়া আশফাক জানিয়েছেন, বিষয়টি এখন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে এবং সঠিক সময়ে সব সত্য বেরিয়ে আসবে। তিনি অভিযোগ করেন, ওই তৃতীয় পক্ষের হস্তক্ষেপের পর থেকে তাকে মানসিক নির্যাতন, দুর্ব্যবহার এবং এমনকি গর্ভকালীন নিঃসঙ্গতার শিকার হতে হয়েছে। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে এতদিন সব মুখ বুজে সহ্য করেছেন বলেও দাবি করেন তিনি।

সানিয়া দাবি করেছেন, তার কাছে সবকিছুর তথ্যপ্রমাণ রয়েছে এবং তাকে মুখ বন্ধ রাখতে হুমকি দেওয়া হচ্ছে। তবে তিনি কোনো হুমকিতে দমে না গিয়ে আইনের মাধ্যমে জবাব দেওয়ার কথা জানিয়েছেন। সানিয়ার ভাষ্যমতে, এই বিবৃতি কোনো ব্যক্তিগত প্রতিশোধ নয় বরং সত্যের জয় এবং সেই সব নারীর জন্য যারা মুখ খুলতে সাহস পায় না।

উল্লেখ্য, ২০১৯ সালের আগস্টে লন্ডনে বসবাসরত সানিয়া আশফাকের সঙ্গে ইসলামাবাদে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ইমাদ ওয়াসিম। লন্ডনেই তাদের প্রথম দেখা হয়েছিল এবং পরবর্তীতে দুই পরিবারের সম্মতিতে তারা বিয়ে করেছিলেন। সূত্র: ডন উর্দু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে