স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হিলাল-ই-ইমতিয়াজ পেয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি। পাকিস্তান ক্রিকেটে দীর্ঘদিনের অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বুধবার (১৩ এপ্রিল) তাকে এই সম্মাননা দেওয়া হয়।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি রাজধানীর আইওয়ান-ই সদরে আয়োজিত এক অনুষ্ঠানে আফ্রিদির হাতে এই পুরস্কার তুলে দেন। একই সঙ্গে পাকিস্তানকে ঐতিহাসিক ২০০৯ টি-২০ বিশ্বকাপ জেতানোর জন্যও তাকে বিশেষভাবে সম্মানিত করা হয়।
ওই ম্যাচে তিনি ৪০ বলে অপরাজিত ৫৪ রান করেন, যেখানে ছিল দুটি চার ও দুটি ছক্কা। পাশাপাশি বল হাতেও একটি উইকেট শিকার করেন।
৪৬ বছর বয়সি আফ্রিদি পাকিস্তানের হয়ে ৩৯৮টি ওয়ানডে খেলেছেন। ব্যাট হাতে ৩৯ অর্ধশতক ও ৬ শতকে তিনি রান করেছেন ৮,০৬৪। পাশাপাশি নিয়েছেন ৩৯৫টি উইকেট, যার মধ্যে ৯ বার পাঁচ উইকেট শিকারের কৃতিত্ব রয়েছে।
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ডানহাতি এই ব্যাটার ৯৯টি ম্যাচে অংশ নিয়ে ১,৪১৬ রান করার পাশাপাশি নিয়েছেন ৯৮ উইকেট।
আফ্রিদি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি পাকিস্তান সুপার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগসহ বিভিন্ন টুর্নামেন্টে খেলেছেন।