স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বের দুই ঘনিষ্ঠ বন্ধু লিওনেল মেসি ও নেইমার জুনিয়র। মাঠে দুই ভিন্ন দেশের হয়ে খেললেও তাদের ব্যক্তিগত সম্পর্ক সবসময়ই গভীর ও আন্তরিক। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি আবারও নেইমারের প্রতি নিজের শ্রদ্ধা ও ভালোবাসার কথা প্রকাশ করেছেন।
৩৮ বছর বয়সী মেসি বলেন, বিশ্বের সেরা ফুটবলারদের বিশ্বকাপে খেলতে দেখা সব সময়ই আনন্দের বিষয়। তাঁর মতে, নেইমার যেকোনো অবস্থাতেই বিশ্বের শীর্ষ খেলোয়াড়দের একজন হিসেবেই বিবেচিত হবেন।
বার্সেলোনা ও প্যারিস সেন্ট জার্মেই ক্লাবে দীর্ঘ সময় একসঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে এই দুই তারকার। সেই সময়ের বন্ধুত্ব আজও অটুট রয়েছে। মেসি বলেন, নেইমারকে বিশ্বকাপে খেলতে দেখা ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ কিছু হবে। ব্রাজিল দলের জন্যও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়।
বর্তমানে নেইমার তাঁর শৈশবের ক্লাব সান্তোসে খেলছেন। দীর্ঘদিন চোটের কারণে জাতীয় দলের বাইরে থাকলেও সম্প্রতি তাকে ব্রাজিলের প্রাথমিক দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আর্জেন্টিনার অধিনায়ক মেসি এবারের বিশ্বকাপ নিয়ে কিছুটা সতর্ক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। তাঁর মতে, আর্জেন্টিনা ভালো অবস্থানে থাকলেও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় কয়েকটি দল বর্তমানে এগিয়ে রয়েছে।
মেসির চোখে এবারের বিশ্বকাপের অন্যতম প্রধান ফেভারিট ফ্রান্স। এছাড়া স্পেনকেও তিনি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন। ব্রাজিল, পর্তুগাল, ইংল্যান্ড ও জার্মানিকেও শিরোপার দৌড়ে রাখতে চান তিনি।
নিজ দলের বিষয়ে মেসি বলেন, আর্জেন্টিনা দল বর্তমানে ভালো অবস্থানে রয়েছে। চোট ও ফিটনেস সমস্যার মধ্যেও দলটি সবসময় সর্বোচ্চ চেষ্টা করে। তরুণ খেলোয়াড়দের ওপরও তিনি আস্থা রাখছেন।
সাক্ষাৎকারে অবসর প্রসঙ্গে মেসি কোনো নির্দিষ্ট ঘোষণা দেননি। তিনি বলেন, ফুটবল খেলা তিনি ভালোবাসেন এবং শরীর যতদিন সাড়া দেবে, ততদিন খেলতে চান।