স্পোর্টস ডেস্ক : বয়স বাড়তে পারে, কিন্তু লিওনেল মেসি টের পেতে দিচ্ছেন কই! ক্যারিয়ারের শুরু থেকে যে জাদু দেখানো শুরু করেছেন, ৩৮ বছর বয়সেও তাতে ভাটা পড়েনি। মেসি জাদুতে আরও একবার সম্মোহিত হলো ফুটবলবিশ্ব। মেজর লিগ সকারে (এমএলএস) নিজের অসাধারণ ফর্ম ধরে রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা, আর তাতে বিধ্বস্ত হলো এফসি সিনসিনাটি।
বৃহস্পতিবার (১৪ মে) টিকিউএল স্টেডিয়ামে স্বাগতিক সিনসিনাটিকে ৫-৩ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। ম্যাচজুড়ে দারুণ নৈপুণ্যে জোড়া গোল করেছেন মায়ামির অধিনায়ক মেসি। তবে মায়ামির শেষ গোলটি শুরুতে মেসির নামে দিলেও রিভিউয়ের পর আত্মঘাতী ঘোষণা দেয়ায় হ্যাটট্রিক বঞ্চিত হয়েছেন এই ৩৮ বছর বয়সী। দলের বাকি গোল দুটি করেন মাতেও সিলভেত্তি এবং হেরমান বের্তেরেমে।
সিনসিনাটির গোল তিনটি করেন কেভিন দেঙ্কি, পাভেল বুচা এবং ইভান্ডার।
মায়ামি ম্যাচটিতে নামে শেষ তিন ম্যাচে মাত্র একটি জয় নিয়ে। অন্যদিকে নিজেদের মাঠে শক্ত প্রতিপক্ষ হিসেবে পরিচিত সিনসিনাটিও ছিল আত্মবিশ্বাসী। এমএলএসের বর্তমান চ্যাম্পিয়ন মায়ামি শুরুতে এগিয়ে গেলেও কেভিন দেঙ্কি এবং পাভেল বুচার গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিনসিনাটি।
তবে এরপর পুরো ম্যাচ নিজের দখলে নিয়ে নেন মেসি। আরও দুটি গোল করার পাশাপাশি মাতেও সিলভেত্তি এবং হেরমান বের্তেরেমে গোলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ম্যাচে মায়ামির করা পাঁচ গোলেই অবদান রেখেছেন মেসি।
ম্যাচের ২৪ মিনিটে মেসির গোলে লিড নেয় মায়ামি। ডি-বক্সে মাজগা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে নিখুঁত শটে বল জালে জড়ান মায়ামির অধিনায়ক। এই নিয়ে এমএলএসে টানা তিন ম্যাচে গোল পেলেন এই আর্জেন্টাইন।
কিন্তু ৪০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সিনসিনাটিকে সমতায় ফেরান দেঙ্কি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই বুচার গোলে এগিয়ে যায় সিনসিনাটি। ৫৫ মিনিটে মেসি আবার সফরকারীদের সমতায় ফেরান। ৬৪ মিনিটে ইভান্ডারের গোলে আবারও লিড দেয় স্বাগতিকরা।
ম্যাচে পিছিয়ে পড়ার পর বাকি সময়টা মায়ামি সিনসিনাটির ওপর আক্রমণের ঝড় বইয়ে দিয়েছে, যার নেতৃত্বে ছিলেন মেসি। ৭৯ মিনিটে সিলভেত্তি ও ৮৪ মিনিটে বের্তেরামেকে গোল বানিয়ে দেন মেসি।