স্পোর্টস ডেস্ক : দলীয় ১০৬ রানে লিটন দাস যখন ব্যাটিংয়ে নেমেছিলেন, তখন ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ কাঁপছিল। লিটন ২ রান করার পর দেখেন অন্যপ্রান্তে আর কোনো স্বীকৃত ব্যাটার নেই, বাংলাদেশ পরিণত হয় ধংসস্তূপে। সেখানে দাঁড়িয়েই সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।
অল্প সময়ের জন্য মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজকে পেলেও লিটনের সেঞ্চুরিতে সঙ্গ দিয়েছেন মূলত টেলএন্ডাররা। তাইজুল ইসলামের সঙ্গে ৬০ ও তাসকিন আহমেদের সঙ্গে ৩৮ রানের জুটির পর সেঞ্চুরি তুলে নেন অন্যপ্রান্তে শরিফুল ইসলামকে সাক্ষী রেখে। ১৩৫ বলের মাথায় সেঞ্চুরি পূর্ণ করার ডেলিভারিতে লিটন খুররম শাহজাদকে চার মারেন।