স্পোর্টস ডেস্ক : তবে কী বড় সর্বনাশ হয়ে গেল লিওনেল মেসির? বিশ্বকাপের ঠিক দুয়ারে দাঁড়িয়ে আর্জেন্টিনা শিবিরে উদ্বেগের কারণ হয়ে উঠলেন অধিনায়ক লিওনেল মেসি। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচ চলাকালে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা। ফলে বিশ্বকাপের আগে তার শারীরিক অবস্থা নিয়ে দেখা দিয়েছে নতুন শঙ্কা।
স্থানীয় সময় রোববার (২৪ মে) রাতে বৃষ্টিভেজা আবহাওয়ায় অনুষ্ঠিত এমএলএসের ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়নের মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি। ম্যাচের ৭৩তম মিনিটে একটি ফ্রি-কিক নেওয়ার পর হঠাৎ নিজের পায়ের পেছনের অংশ চেপে ধরেন মেসি। এরপর বেঞ্চের দিকে ইশারা করে বদলির অনুরোধ জানান তিনি। কিছুক্ষণ পর নিজেই মাঠ ছেড়ে সরাসরি প্লেয়ার্স টানেল দিয়ে ড্রেসিংরুমে চলে যান।
ম্যাচ শেষে ইন্টার মায়ামির পক্ষ থেকে তার চোটের ধরন সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে বিশ্বকাপ শুরু হতে যখন মাত্র আড়াই সপ্তাহের মতো সময় বাকি, তখন মেসির এমন চোট স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে।
৩৮ বছর বয়সী মেসি চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে ছিলেন। ইন্টার মায়ামির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচে করেছেন ১৩ গোল, সঙ্গে রয়েছে ৭টি অ্যাসিস্ট। এমএলএসে টানা দুইবারের পর চলতি মৌসুমেও সেরা পুরস্কারের অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন।
এদিকে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১ জুন আর্জেন্টিনা দলের প্রাক-টুর্নামেন্ট ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল মেসির। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে অনুষ্ঠিতব্য সেই ক্যাম্পে তার সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে ইন্টার মায়ামিতে তার সতীর্থ রদ্রিগো ডি পলেরও। কিন্তু সর্বশেষ চোট পরিস্থিতি সেই পরিকল্পনায় অনিশ্চয়তা তৈরি করেছে।
বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে মেসি এখনো প্রকাশ্যে কোনো চূড়ান্ত প্রতিশ্রুতি দেননি। এর আগে তিনি জানিয়েছিলেন, নিজের শারীরিক অবস্থার বিষয়ে শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত সিদ্ধান্ত নিতে চান না।
ফলে বিশ্বকাপের মাত্র ১৮ দিন আগে পাওয়া এই চোট তার ভবিষ্যৎ পরিকল্পনায় বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এখনো ২০২৬ বিশ্বকাপের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি। কোচ লিওনেল স্কালোনি আগামী ২৮ থেকে ৩০ মের মধ্যে দল ঘোষণার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। ফিফার নিয়ম অনুযায়ী, ২ জুনের মধ্যেই সব অংশগ্রহণকারী দেশকে চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে।
এর আগে আর্জেন্টিনা বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে। এরপর ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিশ্বকাপ অভিযান।
তবে মেসির চোট মানেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়া— এমন পরিস্থিতি এখনো তৈরি হয়নি। অতীতেও বড় টুর্নামেন্টে চোট নিয়ে খেলেছেন তিনি। ২০২৪ কোপা আমেরিকার ফাইনালেও ইনজুরির কারণে পুরো ম্যাচ খেলতে পারেননি।
তবুও আর্জেন্টিনা শিরোপা জিতেছিল। তবে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের অনুপস্থিতি যেকোনো দলের জন্যই বড় ধাক্কা, তা বলার অপেক্ষা রাখে না।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পর এবারও শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছেন মেসি ও তার দল। কিন্তু সেই স্বপ্নপূরণের পথে সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই— বিশ্বকাপ শুরুর আগেই কি পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন আর্জেন্টাইন অধিনায়ক? উত্তর মিলবে আগামী কয়েক দিনের মধ্যেই।