বুধবার, ০৩ জুন, ২০২৬, ১২:৩১:৪১

আর্জেন্টিনা শিবিরে স্বস্তির খবর

আর্জেন্টিনা শিবিরে স্বস্তির খবর

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শুরুর আগে ইনজুরি নিয়ে শঙ্কা থাকলেও আর্জেন্টিনা শিবিরে স্বস্তির খবর। দলের অধিনায়ক লিওনেল মেসি বিশ্বকাপের প্রথম ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত থাকবেন বলে আশা করা হচ্ছে।

হ্যামস্ট্রিং চোটের কারণে রবিবার হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলছেন না মেসি। তবে ১০ জুন আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তাকে কিছু সময়ের জন্য মাঠে দেখা যেতে পারে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ফিজিওথেরাপিস্ট লুইস গার্সিয়া ও ফিটনেস প্রশিক্ষক লুইস মার্তিনের তত্ত্বাবধানে মেসির পুনর্বাসন প্রক্রিয়া চলছে। বিশ্রাম, ধীরে ধীরে অনুশীলনের চাপ বাড়ানো এবং সতর্ক পর্যবেক্ষণের মাধ্যমে তাকে বিশ্বকাপের প্রথম ম্যাচের জন্য শতভাগ ফিট করে তোলাই দলের মূল লক্ষ্য।

শিরোপাধারী আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘জে’ গ্রুপে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সঙ্গে রয়েছে অস্ট্রিয়া এবং জর্ডান।

কয়েক সপ্তাহ আগে বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর মেসির বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে বর্তমানে সেই আশঙ্কা অনেকটাই কেটে গেছে।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের প্রথম ম্যাচেই তাকে মাঠে দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে মেসি এবং ক্রিস্তিয়ানো রোনালদো দুজনই এবার নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন, যা বিশ্ব ফুটবলে নতুন এক ইতিহাস গড়বে। সম্ভাব্য এই কীর্তির অপেক্ষায় এখন ফুটবল বিশ্ব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে