স্পোর্টস ডেস্ক : আলজেরিয়ার বিপক্ষে লড়ছে আর্জেন্টিনা। ম্যাচ শুরুর ৮ মিনিটেই গোলের দেখা পেয়েছিল দুই দলই। কিন্তু দুটি গোলই বাতিল হয়েছে। এতে দুদলের সমর্থকরাই হতাশ হয়ে পড়েন। অবশ্য পরে মেসির জাদুতে আনন্দে ভাসছে আর্জেন্টিনার সমর্থকরা।
খেলার পঞ্চম মিনিটেই প্রতিপক্ষের জালে বল ঢুকিয়ে দেন আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি। এরপর শুরু করেন গোল উদযাপন, গ্যালারিতে শুরু হয় উল্লাস। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টেকেনি। মুহূর্তের মধ্যেই রেফারি পতাকা উঁচিয়ে জানালেন অফসাইড। ফলে গোলটি বাতিল হয়ে যায়।
এর মাত্র তিন মিনিট পরই একই ঘটনার মুখোমুখি হয় প্রতিপক্ষ আলজেরিয়া। ম্যাচের ৮ মিনিটের মাথায় দলটি আর্জেন্টিনার জালে বল ঢুকিয়ে উল্লাসে মেতে ওঠে। কিন্তু ভিডিও রিপ্লে পর্যালোচনা করে দেখা যায়, আক্রমণ গড়ে তোলার সময় আলজেরিয়ার খেলোয়াড় অফসাইড অবস্থানে ছিলেন। ফলে সেই গোলটিও বাতিল হয়ে যায়।
এদিকে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপে মাঠে নামার কীর্তি গড়েছেন মেসি। পাশাপাশি ম্যাচের মাত্র ১৬তম মিনিটের মাথায় আলজেরিয়ার জালে বল পাঠিয়ে নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়। পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর পর পাঁচ বিশ্বকাপে গোল করেছেন তিনি।
২০০৬, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে গোল করেছেন মেসি। একমাত্র ২০১০ সালে কোনো গোল করতে পারেননি তিনি।
৩৮ বছর বয়সী এই তারকা ফুটবলার দলটির প্রাণভোমরা। দেশের জার্সিতে ২০০তম ম্যাচ খেলার এক অনন্য মাইলফলকও স্পর্শ করেছেন তিনি।