স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মাঝপথে সুখবর পেয়েছে ব্রাজিল, মরক্কো, জার্মানি, কলম্বিয়া, মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও জাপান। ফিফার হালনাগাদ র্যাঙ্কিংয়ে এদের প্রত্যেকের উন্নতি হয়েছে।
বিশ্বকাপে প্রতিটি দলের একটি করে ম্যাচ শেষ হওয়ার পর হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে ফ্রান্স, ব্রাজিল, মরক্কো ও জার্মানির উন্নতি হয়েছে একধাপ করে। নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্স সেনেগালকে ৩-১ গোলে হারিয়েছিল। বর্তমানে তাদের স্থান র্যাঙ্কিংয়ে দুইয়ে, একধাপ অবনতিতে তিনে চলে গেছে কেপ ভার্দের সঙ্গে ড্র করা স্পেন।
ব্রাজিল ও মরক্কো মুখোমুখি দেখায় ১-১ গোলে ড্র করেছিল। তাদের একধাপ করে উন্নতি হয়েছে ডিআর কঙ্গোর সঙ্গে ড্র করে পর্তুগাল পাঁচ থেকে সাতে নেমে যাওয়ায়। ব্রাজিল ৫ ও মরক্কো উঠেছে ৬ নম্বরে। জায়গা অবদলবদল হয়েছে ৯-এ উঠা জার্মানি ও ১০-এ নামা বেলজিয়ামের মধ্যে। ইংল্যান্ড ও নেদারল্যান্ডস আগের মতোই যথাক্রমে ৪ ও ৮ নম্বরে রয়েছে।
আর্জেন্টিনা জুনের দ্বিতীয় সপ্তাহে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল। লিওনেল মেসি বাহিনী আগের মতোই শীর্ষে আছে, তবে আলজেরিয়াকে হারানোয় তাদের পয়েন্ট বেড়েছে। আর্জেন্টিনার ১৮৮৯.০৬ পয়েন্টের চেয়ে ফ্রান্স ২ পয়েন্ট পেছনে।
উজবেকিস্তাকে ৩-১ গোলে হারানো কলম্বিয়া উঠেছে ১১ নম্বরে। ১৩ নম্বরে উঠেছে মেক্সিকো, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তারা দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল। ইংল্যান্ডের সঙ্গে হারা ক্রোয়েশিয়া ৩ ধাপ নিচে নেমে ১৪ নম্বরে চলে গেছে।
যুক্তরাষ্ট্র প্যারাগুয়েকে উড়িয়ে দিয়েছিল ৪-১ গোলে। প্রতিবারের মতো চমক দেখিয়েছে জাপানও। ২ ধাপ উন্নতি করে মার্কিনিরা ১৫ ও একধাপ উন্নতি করা জাপান ১৭ নম্বরে উঠেছে। ৪৬ থেকে ডিআর কঙ্গোর উন্নতি হয়েছে ৩ ধাপ।