শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ০৮:৪১:৫৯

আসলেই কী মেসির বাবা মারা গেছেন? যা জানা গেল

আসলেই কী মেসির বাবা মারা গেছেন? যা জানা গেল

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হ্যাটট্রিক গোলে আর্জেন্টিনাকে জয় এনে দেয় ফুটবলের বর্তমান মহাতারকা লিওনেল মেসি। পুরো বিশ্বের ফুটবল ভক্তদের আবারও জানান দেন তিন নুইয়ে পড়েননি। তবে সম্প্রতি বাবা হোর্হে মেসির অসুস্থতায় কিছুটা বিপর্যস্ত এই আর্জেন্টাইন মহারথী।

সেদিন রাতেই জানা গিয়েছিল, তার বাবা হোর্হে মেসি অসুস্থ। তিনি এখন চিকিৎসাধীন আছেন। তার অসুস্থতার কারণ এখনও জানানো হয়নি। তবে মেসির বিশ্বকাপে খেলার মধ্যেই বাবার স্বাস্থ্য নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ে। আর্জেন্টাইন এক সাংবাদিকের ছড়ানো তথ্যে গুঞ্জন ওঠে হোর্হে মেসি নাকি মৃত্যুবরণ করেছেন।

বিষয়টি চোখে পড়েছে মেসির পরিবারেরও। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে একটি বিবৃতি এসেছে তাদের পক্ষ থেকে। পরিবারটি গণমাধ্যমের কাছে ‘মানবিকতা’ দেখানোর অনুরোধ জানায়। মেসি পরিবার এক বিবৃতিতে বলে, ‘হোর্হে একটি স্বাস্থ্য সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন।’

৬৮ বছর বয়সী হোর্হে মেসি ঠিক কী রোগে ভুগছেন, তা পরিবার থেকে খোলাসা করা হয়নি। বিবৃতিতে বলা হয়, ‘তিনি এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। তার শারীরিক অবস্থা অনুযায়ী তিনি সুস্থ হয়ে উঠছেন এবং ভালোর দিকে এগোচ্ছেন।’

এর আগে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ের পর মেসি বলেছিলেন, তিনি ব্যক্তিগত জীবনে কঠিন একটা সময় পার করছেন। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

মেসির মিডিয়া অফিস থেকে এই বিবৃতি প্রকাশ করা হয়। একই দিনে আর্জেন্টিনায় হোর্হে মেসির মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়ে। পরিবার থেকে বলা হয়, ‘এই সময়ে আমরা দায়িত্বশীলতা, সতর্কতা এবং মানবিকতা চাই। একজন মানুষের স্বাস্থ্য এবং তার পরিবারের মানসিক শান্তি জল্পনা বা দায়িত্বহীন গণমাধ্যমের আগ্রহের বিষয় হওয়া উচিত নয়।’

বিবৃতিতে আরও জানানো হয়, এই বিষয়ে নতুন কোনো তথ্য থাকলে পরিবার নিজেই তা জানাবে। সূত্র : আল-জাজিরা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে