স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ উন্মাদনা আর ব্রাজিল প্রীতি নতুন কোনো ঘটনা নয়। তবে এবার ব্রাজিলে বসেই সেই ভালোবাসার খোঁজ পেয়েছেন খোদ সেলেসাও তারকা নেইমার জুনিয়র। রাজধানী ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীদের ব্রাজিলের সমর্থনে করা একটি ভিডিওতে নিজে লাইক দিয়ে সাড়া দিয়েছেন এই তারকা ফুটবলার।
শনিবার (২০ জুন) সকালে ২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ চলাকালীন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে খেলা দেখার জন্য জড়ো হন হাজারো সমর্থক। সেখানে গোল উৎসবের এক পর্যায়ে শিক্ষার্থীরা হলুদ জার্সি ও ব্রাজিলের পতাকা নিয়ে পুরো ক্যাম্পাস মুখরিত করে তোলেন এবং সমস্বরে 'নেইমার, নেইমার' স্লোগান দিতে থাকেন।
বিশ্ববিদ্যালয়ের ইফতেখার ইফতি নামের এক শিক্ষার্থী এই বাঁধভাঙা উল্লাসের একটি রিল ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন। ভিডিওটি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করে এবং লক্ষাধিক ফুটবলপ্রেমীর নজর কাড়ে। তবে সবচেয়ে বড় চমকটি আসে যখন খোদ ব্রাজিলের ১০ নম্বর জার্সিধারী তারকা নেইমার জুনিয়র তার ভেরিফাইড ইনস্টাগ্রাম আইডি (@neymarjr) থেকে সেই ভিডিওটিতে লাইক দেন।
প্রিয় তারকার কাছ থেকে এমন সরাসরি ভার্চুয়াল স্বীকৃতি পেয়ে ড্যাফোডিল ক্যাম্পাসের পাশাপাশি পুরো দেশের ব্রাজিল ভক্তদের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি শেয়ার করে অনেক ভক্তই মন্তব্য করছেন, 'নেইমার আমাদের শুধু খেলোয়াড় নন, একটি আবেগ'। উপমহাদেশের ফুটবল পাগল ভক্তদের এই নিঃশর্ত ভালোবাসার খবর নেইমারের নজরে আসায় উচ্ছ্বসিত দেশের ক্রীড়া মহলও।
ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা নেইমারের এই ছোট্ট একটি 'লাইক' প্রমাণ করে দিল, ভৌগোলিক দূরত্ব যতই হোক না কেন- বাংলাদেশি সেলেসাও ভক্তদের নিখাদ ভালোবাসা ঠিকই পৌঁছে গেছে সেলসাও নেতা নেইমারের কাছে।