স্পোর্টস ডেস্ক : ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার এক ফুটবলপ্রেমী ভক্ত নিজের প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। তিনি তিনটি বাড়ি আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে সাজিয়েছেন এবং বিশ্বকাপ জিতলেই বিয়ের পিঁড়িতে বসার ঘোষণা দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জোড়াদহ গ্রামের বাসিন্দা শামীম হোসেন পেশায় স্বাস্থ্য বিভাগের একজন কর্মচারী। দীর্ঘদিন ধরে তিনি আর্জেন্টিনার সমর্থক। ছোটবেলায় তিনি ছিলেন কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার ভক্ত, আর বর্তমানে তার অনুপ্রেরণা লিওনেল মেসি।
নিজের ভালোবাসা থেকে শামীম তিনটি বাড়িকে আর্জেন্টিনার পতাকার নীল-সাদা রঙে সাজিয়েছেন। বাড়িগুলোর নাম রাখা হয়েছে ‘আর্জেন্টিনা বাড়ি-১’, ‘আর্জেন্টিনা বাড়ি-২’ ও ‘আর্জেন্টিনা বাড়ি-৩’। দেয়াল, বারান্দা, আঙিনা এমনকি কিছু ঘরের অংশেও আকাশি-সাদা রঙের ছোঁয়া রয়েছে। পাশাপাশি প্রতিটি বাড়ির ছাদে টাঙানো হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা।
শামীম জানান, এই সাজসজ্জা করতে তার প্রায় চার লাখ টাকা খরচ হয়েছে। এ জন্য তিনি জমি ও গাছপালা বিক্রি করেছেন বলেও জানান তিনি। তার ভাষায়, ছোটবেলা থেকেই আর্জেন্টিনাকে ভালোবাসি। প্রিয় দলের প্রতি ভালোবাসা থেকেই এই আয়োজন করেছি।
তার আরেকটি ঘোষণা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বয়স ৪০ পেরিয়ে গেলেও তিনি এখনও বিয়ে করেননি। তবে শর্ত দিয়েছেন আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেই তিনি বিয়ে করবেন। এছাড়া শিরোপা জিতলে পুরো গ্রামবাসীকে খাওয়ানোর পরিকল্পনাও রয়েছে তার।
স্থানীয়রা জানান, এর আগেও ২০২২ সালের বিশ্বকাপে শামীম নিজের বাড়ি সাজিয়েছিলেন। তবে এবার আরও বড় পরিসরে তিনটি বাড়ি সাজিয়ে তিনি এলাকায় নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছেন। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে মানুষ তার সাজানো বাড়িগুলো দেখতে আসছেন এবং ছবি তুলছেন।