স্পোর্টস ডেস্ক : ব্রাজিল ফুটবল ইতিহাসের কিংবদন্তিদের পাশে নিজের নাম লিখিয়ে নতুন এক মাইলফলক গড়লেন ভিনিসিয়ুস জুনিয়র। ২৪ বছর পর প্রথম ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে বিশ্বকাপের গ্রুপপর্বের তিনটি ম্যাচেই গোল করার কীর্তি দেখিয়েছেন এই তারকা ফরোয়ার্ড।
স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ৩-০ গোলের দাপুটে জয়ে দুইবার জাল খুঁজে পান ২৫ বছর বয়সী ভিনিসিয়ুস। এর আগে মরক্কো ও হাইতির বিপক্ষেও গোল করেছিলেন তিনি। ফলে টানা তিন গ্রুপ ম্যাচেই গোল করার বিরল রেকর্ড গড়েন রিয়াল মাদ্রিদের এই তারকা।
ভিনিসিয়ুসের এই অর্জন ব্রাজিলের ফুটবল ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ এর আগে মাত্র তিনটি বিশ্বকাপ আসরে চারজন ব্রাজিলিয়ান ফুটবলার গ্রুপপর্বের তিন ম্যাচেই গোল করার কীর্তি গড়েছিলেন। ১৯৭০ সালে জাইরজিনহো, ১৯৯৪ সালে রোমারিও এবং ২০০২ সালে রোনালদো নাজারিও ও রিভালদো এই তালিকায় নাম লিখিয়েছিলেন।
আরও বিস্ময়কর বিষয় হলো, ওই তিনটি আসরেই বিশ্বকাপের শিরোপা জিতেছিল ব্রাজিল। ১৯৭০, ১৯৯৪ এবং ২০০২ প্রতিবারই এই কীর্তির সঙ্গে জড়িয়ে ছিল সেলেসাওদের বিশ্বজয়ের গল্প।
ফলে ভিনিসিয়ুসের এই নতুন মাইলফলকের পর ব্রাজিল সমর্থকদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। অনেকেই মনে করছেন, ইতিহাস হয়তো আবারও নিজেদের পক্ষে কথা বলছে। যদি সেই ধারাবাহিকতা বজায় থাকে, তবে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হতে পারে ব্রাজিলের।
এখন দেখার বিষয়, অতীতের গৌরবময় ইতিহাস নতুন করে পুনরাবৃত্তি করতে পারেন কি না ভিনিসিয়ুস জুনিয়র ও তার সতীর্থরা।