স্পোর্টস ডেস্ক : মেক্সিকো সিটিতে বৈরি আবহাওয়ার আশঙ্কার কারণে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচের সময় পরিবর্তনের আলোচনা চলছিল। তবে শেষ পর্যন্ত পূর্ব নির্ধারিত সূচিই বহাল রাখছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
মেক্সিকো বনাম ইংল্যান্ড ম্যাচটি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এই সিদ্ধান্তের ফলে অপরিবর্তিত থাকছে একই দিনে হতে যাওয়া ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচের সময়সূচিও।
বিদ্যমান সূচি অনুযায়ী, মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায় মুখোমুখি হবে মেক্সিকো ও ইংল্যান্ড। অন্যদিকে, নিউ জার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় হওয়ার কথা ব্রাজিল-নরওয়ে। গুঞ্জন চলছিল, মেক্সিকো ও ইংল্যান্ড ম্যাচের সূচিতে বদল আসলে বদলে যেতে পারে ব্রাজিল ম্যাচের সময়ও।
মেক্সিকো সিটিতে ম্যাচের সময় ভারী বজ্রঝড় ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস থাকায় ফিফা কর্তৃপক্ষ মেক্সিকান ও ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে দফায় দফায় আলোচনা করেছে। প্রস্তাব ছিল মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচটি ৬ ঘণ্টা এগিয়ে স্থানীয় সময় দুপুর ১২টায় নিয়ে আসার। তবে দুই দলের লজিস্টিকস ও নানা জটিলতার কারণে শেষ পর্যন্ত সূচি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
আবহাওয়ার পাশাপাশি মেক্সিকান প্রশাসনের বড় চিন্তা ছিল জননিরাপত্তা। ম্যাচটি যদি প্রতিকূল আবহাওয়ার কারণে দেরিতে শেষ হয়, তবে গভীর রাতে ভক্তদের বিশৃঙ্খলা বা দাঙ্গার মতো পরিস্থিতির আশঙ্কা করছিল স্থানীয় সরকার। ইতোমধ্যে মেক্সিকোর ম্যাচগুলো ঘিরে উত্তেজনায় প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে।
এই ম্যাচটিই ২০২৬ বিশ্বকাপে মেক্সিকোর মাটিতে শেষ ম্যাচ। টুর্নামেন্টের বাকি সব ম্যাচ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।