মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬, ০৬:১২:৫৫

ইয়ামালের এক অবিশ্বাস্য অভিজ্ঞতা হলো নেইমারের বাড়িতে গিয়ে

ইয়ামালের এক অবিশ্বাস্য অভিজ্ঞতা হলো নেইমারের বাড়িতে গিয়ে

স্পোর্টস ডেস্ক : নেইমারের প্রতি লামিনে ইয়ামালের মুগ্ধতার কথা নতুন নয়। ব্রাজিলিয়ান সুপারস্টারকে বহুবার নিজের আদর্শ হিসেবে উল্লেখ করেছেন বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের এই তরুণ তারকা। তবে নেইমারের বাড়িতে ঘুরতে গিয়ে যে এমন অবিশ্বাস্য অভিজ্ঞতার মুখোমুখি হবেন, তা হয়তো নিজেও কল্পনা করেননি ইয়ামাল।

সম্প্রতি স্পেন জাতীয় দলের অনুষ্ঠান ‘লা এসত্রেয়া কে নোস উনে’-তে সতীর্থ নিকো উইলিয়ামসের সঙ্গে অংশ নিয়েছিলেন ইয়ামাল। সেখানে ব্রাজিলে নেইমারের বাড়িতে কাটানো কয়েক দিনের স্মৃতি তুলে ধরেন তিনি। আলোচনার একপর্যায়ে উপস্থাপক জানতে চান, কোন দলের বিপক্ষে খেলতে বেশি আগ্রহী তারা? ইয়ামাল ও নিকো দুজনেই ব্রাজিলের নাম নেন। 

ব্রাজিলের বিপক্ষে খেলতে চাওয়ার কারণটাও স্পষ্ট করেছেন এই দুই ফুটবলার। তাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে কেবলই নেইমার। ব্রাজিলের এই তারকার বিপক্ষে খেলতেই সেলসাওদের মুখোমুখি হতে চান তারা। এরপর নেইমারের বাড়িতে ছুটি কাটানোর প্রসঙ্গ উঠতেই ইয়ামাল শোনান তার নতুন অভিজ্ঞতার ঘটনা।

ইয়ামাল বলেন, “আমি বাড়িতে পৌঁছে নেইমারকে বললাম, আমাকে একটা রুম দেখিয়ে দাও। তখন সে বলল, ‘কোন রুম?’ এরপর তাকে বাড়ির বাইরে নিয়ে যান নেইমার। সেখানে সৈকতের আদলে তৈরি করা ছিল একটি ফুটভলি কোর্ট।”

ইয়ামাল বলেন, “নেইমার আমাকে বলল, ‘তুমি এই ছেলেটার সঙ্গে খেলো, আমি খেলি ওর সঙ্গে।’ আমি ভেবেছিলাম, ওরা হয়তো তার বন্ধু। পরে জানতে পারলাম, ওরা ফুটভলির বিশ্বের সেরা দুই খেলোয়াড়। এমন অভিজ্ঞতা সত্যিই আমাকে অবাক করেছিল।”

উল্লেখ্য, ফুটভলি কোর্ট হলো বালির মধ্যে তৈরি একটি আয়তাকার খেলার মাঠ, যেখানে বিচ ভলিবলের নিয়ম এবং ফুটবলের স্কিল (যেমন: মাথা, বুক, উরু ও পায়ের ব্যবহার) মিলিয়ে খেলা হয়। এতে হাত বা বাহু ব্যবহারের কোনো নিয়ম নেই। অর্থাৎ ফুটবলের মতো পায়ের মাধ্যমেই ভলিবল খেলা।

২০২৫ সালের গ্রীষ্মে ব্রাজিলের মাঙ্গারাতিবায় অবস্থিত নেইমারের বাড়িতে কয়েক দিন কাটিয়েছিলেন ইয়ামাল। সেই সময় অনুশীলনের পাশাপাশি অবসরও উপভোগ করেন তারা। তবে ইয়ামালের সবচেয়ে বেশি মনে দাগ কেটেছে নেইমারের আন্তরিকতা এবং অতিথিকে খেলা দিয়ে স্বাগত জানানোর মুহূর্ত।

এদিকে বিশ্বকাপে নেইমারের বিপক্ষে ইয়ামালের খেলার আগ্রহ থাকলেও সেই সম্ভাবনা আর নেই। শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। ফলে কোয়ার্টার ফাইনালে নেইমারের বদলে বেলজিয়ামের মুখোমুখি হবে ইয়ামালের স্পেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে