স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি পডকাস্টে অংশ নিয়ে বলেছেন, তিনি চান আর্জেন্টিনা বিশ্বকাপ শিরোপা জিতুক। তবে এই চাওয়ার কারণ লিওনেল মেসি নন।
ইসরাইলি কমেডিয়ান বেন বেন বারুচের সঞ্চালনায় ‘দ্য মোজো পডকাস্টে’ দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এ কথা বলেন।
ভিডিও পডকাস্টটির একটি ক্লিপ গত বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সাক্ষাৎকারের এক পর্যায়ে সঞ্চালক জানতে চান, আর্জেন্টিনাকে সমর্থনের কারণ কি লিওনেল মেসি? জবাবে নেতানিয়াহু তাৎক্ষণিকভাবে বলেন, ‘না, মেসির কারণে নন, বরং দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মেলেই। তিনি একজন সুপারস্টার।’
এরপর তিনি ব্যাখ্যা করেন কেন আর্জেন্টিনার প্রেসিডেন্টকে এত উচ্চ মূল্যায়ন করেন। নেতানিয়াহু বলেন, ‘তিনি একজন তারকা, সত্যিই একজন সুপারস্টার। মুক্ত অর্থনীতি গ্রহণের মাধ্যমে তিনি এটি প্রমাণ করেছেন।
তিনি আরও বলেন, ‘মিলেই ইসরাইলের একজন ঘনিষ্ঠ বন্ধু।’
নেতানিয়াহুর এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। কারণ, একটি বড় ক্রীড়া আসরকে তিনি সরাসরি দুই দেশের রাজনৈতিক সম্পর্ক ও ব্যক্তিগত বন্ধুত্বের সঙ্গে যুক্ত করেছেন। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস