বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:১২:২৪

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ: মিলল দুঃসংবাদ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ: মিলল দুঃসংবাদ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে দীর্ঘ ২১ বছর পর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ইংল্যান্ড। ফুটবলের ঐতিহাসিক এই লড়াইকে ঘিরে মাঠের উত্তেজনার পাশাপাশি দুই দেশের রাজনৈতিক বিরোধের কারণে ম্যাচটিকে ‘সর্বোচ্চ ঝুঁকির’ হিসেবে বিবেচনা করছে মার্কিন স্থানীয় প্রশাসন ও এফবিআই।

সম্ভাব্য সংঘাত এড়াতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, মোতায়েন করা হয়েছে বিশেষ এআই ওয়ার রুমও।

ব্রিটিশ গণমাধ্যম দ্য মিররের প্রতিবেদন অনুযায়ী, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে দুই দেশের সমর্থকদের পুরোনো বিভেদের কারণে এফবিআই এবং স্থানীয় পুলিশ এই ম্যাচ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। সোমবার এফবিআই, ফিফা এবং পুলিশের এক উচ্চপর্যায়ের বৈঠকে এই ঐতিহাসিক বিরোধ এবং ম্যাচ চলাকালীন সমর্থকদের মধ্যে সম্ভাব্য সংঘাতের শঙ্কা নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ বর্তমানে ব্রিটিশদের নিয়ন্ত্রণে থাকলেও, ১৯৮২ সালে আর্জেন্টিনার আক্রমণের পর অঞ্চলটি নিয়ে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়। আজও দুই দেশই এই ভূখণ্ডের ওপর নিজেদের দাবিতে অনড় রয়েছে।

মাঠের বাইরের এই উত্তাপ যেন গ্যালারিতে ছড়িয়ে না পড়ে, সেজন্য স্টেডিয়ামে উভয় দেশের সমর্থকদের নির্দিষ্ট দূরত্বে আলাদা রাখার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে খেলা শুরু হওয়ার পর ম্যাচের পরিস্থিতি এবং স্টেডিয়ামের ভেতরে সমর্থকদের উত্তেজনা কোন পর্যায়ে পৌঁছায়, তা নিয়ে নিরাপত্তা কর্মকর্তাদের মাঝে শঙ্কা রয়েই গেছে।

রাজনীতির বাইরেও বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াইয়ের রয়েছে সমৃদ্ধ ও রোমাঞ্চকর ইতিহাস। ১৯৬৬ ও ২০০২ সালের বিশ্বকাপে জয় পেয়েছিল ইংল্যান্ড। অন্যদিকে ১৯৮৬ ও ১৯৯৮ সালের বিশ্বকাপে জয়ের হাসি হেসেছিল আর্জেন্টিনা।

বিশেষ করে ১৯৮৬ সালের বিশ্বকাপের সেই ম্যাচে ডিয়েগো ম্যারাডোনার কিংবদন্তীতুল্য ‘গোল অব দ্য সেঞ্চুরি’ এবং বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোল আজও ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা।

এবার ইংল্যান্ডের সামনে থাকছে নতুন এক চ্যালেঞ্জ। বিশ্বকাপের মঞ্চে এই প্রথমবারের মতো তারা ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির মুখোমুখি হতে যাচ্ছে, যা ম্যাচটির উত্তেজনাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সূত্র: ইয়াহু স্পোর্টস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে