শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ০৯:১৩:৩৫

এটা কোনো কাকতালীয় ঘটনা নয় : মেসি

এটা কোনো কাকতালীয় ঘটনা নয় : মেসি

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ফুটবলে রূপকথার গল্পের মতো সময় পার করছে আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বে গত বিশ্বকাপের শিরোপা জয়ের পর এবারও শিরোপার মঞ্চে দলটি। আগামী ১৯ জুলাই দিবাগত রাতে ফাইনালের লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

উড়তে থাকা আর্জেন্টিনাকে নিয়ে এবারের বিশ্বকাপে সমালোচনাও বেশ। ফিফা এবং রেফারির কাছ থেকে বাড়তি সুবিধা পাচ্ছে দলটি, সাবেক ফুটবলার এবং বিশেষজ্ঞদের পাশাপাশি সমর্থকদের একাংশ এমন দাবি করছেন। আর্জেন্টিনা-মিসরের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচ সেই বিতর্ককে আরও উসকে দিয়েছে।

ফাইনালে মাঠে নামার আগে এসব সমালোচকদের একহাত নিলেন লিওনেল মেসি। টুর্নামেন্টজুড়ে আর্জেন্টিনা ও ফিফাকে ঘিরে ওঠা নানা অভিযোগের জবাবে আর্জেন্টিনা অধিনায়ক দাবি করেছেন, গত চার বছর ধরে তারাই বিশ্বের সেরা দল এবং টানা দুই বিশ্বকাপের ফাইনালে ওঠা তারই প্রমাণ।

 লিওনেল মেসি বলেন, 'এই কথাগুলো খুব কষ্ট দেয়। গত চার বছর ধরে আমরাই বিশ্বের সেরা দল। সেটা কারও পছন্দ হোক বা না হোক। পরপর দুটি বিশ্বকাপের ফাইনালে উঠেছি, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। কেউ আমাদের বিশেষ সুবিধা দেয়নি। এই দল নিজেদের সামর্থ্য দিয়েই এখানে এসেছে।'
 
চলতি বিশ্বকাপে একাধিকবার কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে জয় পেয়েছে আর্জেন্টিনা। মেসির মতে, ইংল্যান্ডের বিপক্ষে হেরে গেলে সমালোচকদের কণ্ঠ আরও জোরালো হতো। তবে মাঠের পারফরম্যান্স দিয়ে সেই সুযোগ দেননি তারা।
 
মেসি বলেন, 'যদি আমরা ইংল্যান্ডের কাছে হেরে যেতাম, তাহলে অনেকে অযৌক্তিক কথা বলত। কিন্তু আমরা তাদের সেই সুযোগ দিইনি। আমরা জানি আমরা কতটা ভালো খেলি। তাই কে কী বলল, তা নিয়ে ভাবি না। তবে কিছু বলার আগে সবার একটু চিন্তা করা উচিত, যেন পরে আফসোস করতে না হয়।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে