শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ০২:৩৩:১০

বিশ্বকাপের বছরকে স্মরণীয় করে রাখতে ২ হাজার ২৬টি রিং তৈরি করা হবে

বিশ্বকাপের বছরকে স্মরণীয় করে রাখতে ২ হাজার ২৬টি রিং তৈরি করা হবে

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলকে সাধারণত ট্রফির পাশাপাশি মেডেল দেয়া হয়ে থাকে। তবে এবার অন্য পুরস্কারেরও ব্যবস্থা রাখল ফিফা। এবারই প্রথম চ্যাম্পিয়ন দলকে ‘চ্যাম্পিয়নশিপ রিং’ দেয়ার সিদ্ধান্ত নিয়ছে ফিফা।

যুক্তরাষ্ট্রের এনবিএ, এনএফএল কিংবা এমএলবির মতো জনপ্রিয় লিগগুলোয় চ্যাম্পিয়নশিপ রিংয়ের ঐতিহ্য দীর্ঘদিনের। সেখানে আয়োজিত এবারের বিশ্বকাপ থেকেই শুরু হলো চ্যাম্পিয়নশিপ রিং প্রথা।

ফিফা ওয়েবসাইটে চ্যাম্পিয়নশিপ রিংয়ের খবর দিয়ে বলা হয়েছে, বিশ্বকাপের বছরকে স্মরণীয় করে রাখতে মোট ২ হাজার ২৬টি রিং তৈরি করা হবে। এর মধ্যে মাত্র ৩০টি থাকবে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য। বাকি ১ হাজার ৯৯৬টি রিং অফিশিয়াল লাইসেন্সপ্রাপ্ত পণ্য হিসেবে বিশ্বজুড়ে সমর্থকদের জন্য বাজারে আনা হবে।

রিংয়ের এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা। অন্য পাশে থাকবে চ্যাম্পিয়ন দলের পরিচয়, রং ও প্রতীক। বিজয়ী দলের জন্য তৈরি প্রতিটি রিং হবে আলাদা সিরিয়াল নম্বরযুক্ত। যার যার আঙুলের মাপ অনুযায়ী তার রিং তৈরি করা হবে, সঙ্গে থাকবে সত্যায়নপত্র।  
 
ফাইনাল শেষে পুরস্কার বিতরণী মঞ্চেই বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচকে স্মারক হিসেবে অস্থায়ী রিং দেওয়া হবে। পরে খেলোয়াড় ও স্টাফদের সঠিক মাপ অনুযায়ী ৩০টি রিং তৈরি করে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেওয়া হবে।
 
এবারের বিশ্বকাপ ফাইনালে স্পেনের মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী ১৯ জুলাই রাত ১টায় নিউ ইয়র্ক জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। আর এই ম্যাচে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে শোভা পাবে চ্যাম্পিয়নশিপ রিং। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে