স্পোর্টস ডেস্ক : দেড় মাসের লম্বা বিশ্বকাপ শেষের পথে। ৪৮টি দল নিয়ে শুরু হওয়া লড়াইয়ে এখন টিকে আছে মাত্র দুই দল। আজ (১৯ জুলাই) বিশ্বকাপের শিরোপার মঞ্চে মাঠে নামবে স্পেন এবং আর্জেন্টিনা। নিউইয়র্কের নিউজার্সিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
ফাইনালের লড়াইয়ের আগে ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও। ১৯৯৪ ও ২০০২ বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকারের মতে, সহজেই শিরোপা জিতবে স্পেন।
রোনালদো বলেন, ‘আমি মনে করি স্পেনই ম্যাচটা জিতবে এবং বেশ সহজেই। শুরু থেকেই ওরা এবং ফ্রান্স আমার ফেভারিট ছিল। স্পেন অসাধারণ ফুটবল খেলছে। এটা ওদের ডিএনএ-তে আছে। সেই ছোটবেলা থেকেই ওরা এই দর্শনে খেলে বড় হয়েছে।’
স্পেনকে ফেভারিট মানলেও পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনার হার না মানা মানসিকতার প্রশংসা করেছেন রোনালদো। তিনি বলেন, ‘এই বিশ্বকাপে আর্জেন্টিনা দারুণ একটা সময় পার করেছে। তারা এমন এক দল, যারা যে কোনো প্রতিকূলতা কাটিয়ে ওঠার এক অবিশ্বাস্য মানসিকতা দেখায়। তাদের ভেতরের এই সত্যিকারের লড়াকু মনোভাব আসলেই ভীষণ সুন্দর।’
আলবিসেলেস্তেদের এই লড়াকু মনোভাবের প্রশংসা করলেও স্পেনের হাই-পজিশন ফুটবলের সামনে তা টিকবে না বলে দাবি তার, ‘তবে স্পেন দলটা একদম নিখুঁতভাবে তৈরি। মাঠের প্রতিটি মুহূর্তে, ঠিক কোন সময়ে কী করতে হবে—সেটা ওদের খুব ভালো করেই জানা আছে।’