সোমবার, ২০ জুলাই, ২০২৬, ০৯:০৫:৫১

পুলিশের সঙ্গে আর্জেন্টিনা সমর্থকদের ভয়াবহ সংঘর্ষ

পুলিশের সঙ্গে আর্জেন্টিনা সমর্থকদের ভয়াবহ সংঘর্ষ

স্পোর্টস ডেস্ক : স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হেরে যাওয়ার পর তীব্র ক্ষোভ ও হতাশায় ফেটে পড়েছেন আর্জেন্টিনার ফুটবল সমর্থকেরা। দেশটির রাজধানী বুয়েনস আয়ার্সে ক্ষুব্ধ সমর্থকদের সঙ্গে পুলিশের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। খেলা শেষ হওয়ার পরপরই হাজার হাজার সমর্থক শহরের ঐতিহ্যবাহী ওবেলিস্ক স্মৃতিস্তম্ভের আশপাশে জড়ো হতে থাকেন। সেখানে তাদের প্রাথমিক উন্মাদনা দ্রুতই সহিংস রূপ নেয়। খবর দ্য টেলিগ্রাফের। 

ক্ষুব্ধ সমর্থকেরা একপর্যায়ে দাঙ্গা পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ও কাচের বোতল ছুড়তে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা ছাড়াও রাবার বুলেট, টিয়ার গাস ও জলকামান ব্যবহার করে। এই সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে এক দাঙ্গা পুলিশকে এক আন্দোলনকারীর মাথায় লাথি মারতেও দেখা গেছে।

এদিন স্পেনের কাছে ১-০ ব্যবধানে হারের পর মাঠের ভেতরেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খেলা শেষে আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার স্প্যানিশ খেলোয়াড়দের ওপর চড়াও হন। তাদের স্প্যানিশদের ঘুসি ও লাথি মারতে দেখা যায়। এমনকি ট্রফি হস্তান্তরের সময় স্প্যানিশদের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়েছিলেন আলবিসেলেস্তেরা।

এমন তিক্ত হারের পরও আর্জেন্টিনায় জাতীয় ছুটি ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই। কুসংস্কারের কারণে তিনি নিউ জার্সি স্টেডিয়ামে সশরীরে খেলা দেখতে যাননি। তবে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, খেলোয়াড় ও কোচিং স্টাফরা যেদিন চাইবেন, সেদিনই দেশে জাতীয় ছুটি থাকবে।

অন্যদিকে বিশ্বজয়ী স্পেন এখনো আনুষ্ঠানিক ছুটির ঘোষণা না দিলেও সোমবার(২০ জুলাই) মাদ্রিদে এক বিশাল বিজয় প্যারেডের আয়োজন করা হয়েছে। সেখানে স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ উপস্থিত থেকে বিশ্বজয়ী দলটিকে সংবর্ধনা জানাবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে