স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফাইনালের পর অনেকটাই আড়ালে ছিলেন লিওনেল মেসি। অবশেষে প্রায় এক সপ্তাহ পর জনসমক্ষে দেখা দিলেন আর্জেন্টাইন মহাতারকা। তবে খেলোয়াড় হিসেবে নয়, পরিবারের ক্লাব লিওনেস এফসির ম্যাচের দর্শক হয়ে স্টেডিয়ামে হাজির হন তিনি।
আর্জেন্টাইন রেডিও স্টেশন কাদেনা ৩ রোজারিওর প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামের ব্যালকনিতে দাঁড়িয়েছেন মেসি। তার পরনে ছিল কালো রঙের একটি হুডি। এ সময় উপস্থিত দর্শক তাঁর নাম ধরে স্লোগান দিতে থাকেন। জবাবে হাসিমুখে তাদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান মেসি।
রেডিও স্টেশনটি তাদের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছে, ‘মেসি অরোইয়ো সেকোতে এসেছিলেন। কাদেনা ৩-এর জন্য তিনি একটি বিশেষ শুভেচ্ছা রেখে গেছেন। লিওনেসের ম্যাচ দেখতে লিওনেল মেসি অরোইয়ো সেকোতে উপস্থিত ছিলেন।’
বিশ্বকাপ শেষ হওয়ার পর এটাই জনসমক্ষে মেসির প্রথম উপস্থিতি। ১৯ জুলাই নিউ ইয়র্ক-নিউ জার্সিতে স্পেনের কাছে ফাইনালে হারের পর দুই দিন পর তিনি আর্জেন্টিনায় ফেরান। আর্জেন্টিনার অন্য ফুটবলারদের সঙ্গে একই বিমানে যেমন ফেরেননি, তেমনি গত কয়েক দিন তাঁকে বাসার বাইরে কোথাও দেখাও যায়নি।
লিওনেস এফসি প্রতিষ্ঠা করেছে মেসির পরিবার। ক্লাবটির সভাপতি তার বড় ভাই মাতিয়াস মেসি। বর্তমানে দলটি আর্জেন্টিনার চতুর্থ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে। আর তাদের হোম ভেন্যু অরোইয়ো সেকোর আন্তোনিও দি জাকোমো স্টেডিয়াম।
এদিকে , আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া মেজর লিগ সকারের অল-স্টার ম্যাচেও খেলতে পারছেন না মেসি, জানিয়েছে এমএলএস কর্তৃপক্ষ।
গত বছর অল স্টার ম্যাচে না খেলায় শাস্তির মুখে পড়েছিলেন ইন্টার মায়ামির এই তারকা। সাধারণত চোট না থাকলে এমএলএস অল স্টার ম্যাচে অংশ নেওয়া বাধ্যতামূলক। তবে এবার বিশ্বকাপ এমএলএস মৌসুমের মাঝপথে অনুষ্ঠিত হওয়ায় লিগ সাত সপ্তাহের বিরতিতে ছিল।
এমএলএস আগেই জানিয়ে রেখেছিল, যেসব খেলোয়াড় নিজ নিজ দেশের হয়ে বিশ্বকাপের শেষ পর্যায় পর্যন্ত খেলবেন, তাদের অল-স্টার ম্যাচে অংশগ্রহণের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হবে। সেই সিদ্ধান্তের আওতায় ছাড় পেয়েছেন মেসিও।