স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ জয়ের স্বপ্ন অপূর্ণই থেকে গেল নেইমারের। আর সেই আক্ষেপ নিয়েই ব্রাজিল জাতীয় দলের অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করলেন তিনি। দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের পর সেলেসাওদের হয়ে আর না খেলার সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়ে দিলেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
মঙ্গলবার (২৮ জুলাই) কোপা সুদামেরিকানায় ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারানোর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন নেইমার। সেখানেই স্পষ্ট ভাষায় বলেন, জাতীয় দলের সঙ্গে তার যাত্রা শেষ।
নেইমার বলেন, ‘বিশ্বকাপ জয়ের স্বপ্নের ইতি ঘটেছে। এখন সব শেষ। আমি চেষ্টা করেছি, সত্যিই চেষ্টা করেছি। এখন সব শেষ। এখানেই আমার শুরু হয়েছিল, এখানেই শেষ হলো।’
২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হারের পরই অবসরের ইঙ্গিত দিয়েছিলেন নেইমার। সেই ম্যাচে ব্রাজিলের একমাত্র গোলটি করেছিলেন তিনিই। এরপর থেকেই ২০৩০ বিশ্বকাপে তাকে ফের দেখা যেতে পারে—এমন আলোচনা চলছিল। তবে সর্বশেষ মন্তব্যে সেই সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন এই তারকা ফরোয়ার্ড।
২০১০ সালে মাত্র ১৮ বছর বয়সে জাতীয় দলে অভিষেক হওয়া নেইমার ব্রাজিলের হয়ে খেলেছেন ১৩০ ম্যাচ। এই সময়ে ৮০ গোল ও ৫৯ অ্যাসিস্ট করে দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে জায়গা করে নিয়েছেন। জাতীয় দলের হয়ে তার একমাত্র সিনিয়র শিরোপা ২০১৩ সালের কনফেডারেশন্স কাপ। এছাড়া ২০১৬ রিও অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দলকে নেতৃত্ব দিয়ে জিতেছিলেন স্বর্ণপদক।