রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ০৬:২৪:০৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন জয়ে যাদের কৃতিত্ব দিলেন বিসিবির সভাপতি তামিম ইকবাল

অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন জয়ে যাদের কৃতিত্ব দিলেন বিসিবির সভাপতি তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে বাংলাদেশের অপেক্ষা ছিল ২৩ বছরের। দীর্ঘ এই বিরতির পর সফরে গিয়ে প্রথম টেস্টেই স্বাগতিকদের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ডারউইনে পাওয়া এই ঐতিহাসিক জয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বিসিবি সভাপতি তামিম ইকবাল।

রোববার বিকেলে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের সাফল্যের পেছনে থাকা সবাইকে কৃতিত্ব দিয়েছেন বিসিবি সভাপতি।

তিনি বলেন, ‘অবশ্যই আমার কাছে মনে হয় এটি একটি অসাধারণ জয়, অসাধারণ অর্জন। অস্ট্রেলিয়ায় যেকোনো দলের জন্য খেলা অনেক কঠিন। ২৩ বছর পর ওখানে গিয়ে যেভাবে ক্রিকেট খেলে বাংলাদেশ দল জিতেছে, তার কৃতিত্ব শতভাগ তাদের। খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, নির্বাচক-সবাইকে কৃতিত্ব দিতে হয়।’

বোর্ডের ভূমিকা নিয়ে তামিমের বক্তব্যও ছিল পরিষ্কার। তার মতে, ক্রিকেটারদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহায়তা দেওয়াই বোর্ডের কাজ। ঐতিহাসিক এই অর্জনের মূল কৃতিত্ব তাই ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদেরই দিতে চান তিনি।

তামিম বলেন, ‘আমরা বোর্ডে শুধু তাদের সহায়তা করতে, সুযোগ-সুবিধা দিতে এবং গাইড করতে আছি। এই অর্জনে অন্য কারো কৃতিত্ব নেই, এটি সম্পূর্ণ টিম ম্যানেজমেন্ট, নির্বাচক এবং খেলোয়াড়দের।’

অস্ট্রেলিয়াকে হারানোর পর এখন বাংলাদেশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনায় এসেছে। তবে এই মুহূর্তে দূরের হিসাব-নিকাশে না গিয়ে দলের বর্তমান পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তামিম।

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘আমরা যে এই সম্ভাবনার কথা বলছি, তাতেই প্রমাণ হয় বাংলাদেশ ক্রিকেট ধারাবাহিকভাবে ভালো খেলছে। গাণিতিকভাবে এটি সম্ভব। তবে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হলো তারা এখন যে ধরনের ক্রিকেট খেলছে সেটি বজায় রাখা। ঘরের মাঠে চারটি টেস্ট আছে, দক্ষিণ আফ্রিকায় দুটি এবং অস্ট্রেলিয়ায় দ্বিতীয় টেস্ট। তারা যেভাবে খেলছে তাতে যেকোনো কিছু সম্ভব। আমি খুব বেশি দূরের চিন্তা করতে চাই না। এটি টিম ম্যানেজমেন্ট এবং খেলোয়াড়দের কাজ, তারা এটি নিয়ে ভাববে।’

ডারউইন টেস্টে বাংলাদেশের হয়ে দুটি পাঁচ উইকেটের পাশাপাশি এসেছে একটি সেঞ্চুরিও। ব্যক্তিগত নৈপুণ্যের পাশাপাশি প্রতিটি সেশন নিজেদের করে নেওয়াকেও বড় অর্জন হিসেবে দেখছেন বিসিবি সভাপতি।

তামিম বলেন, ‘প্রতিটি সেশন জেতা এবং ম্যাচটি জেতা দলের জন্য একটি অসাধারণ অর্জন ছিল। এর কৃতিত্ব সম্পূর্ণ খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে