স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার নাসির হোসেন ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি বিমানবালা তামিমা সুলতানাকে বিয়ে করেন। ১০ দিন পর তামিমার সাবেক স্বামী রাকিব মামলা করেন। তাতে তিনি অভিযোগ করেন, তাকে তালাক না দিয়ে নাসিরকে বিয়ে করেছেন তামিমা।
অন্যের স্ত্রীকে বিয়ে করার মামলা থেকে মুক্তি পেয়েছেন নাসির হোসেন। সেই মামলা থেকে খালাস পাওয়ার পর থেকে ফুরফুরে মেজাজে আছেন এই দম্পতি।
প্রথম স্বামী এবং সন্তান রেখে জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার নাসির হোসেনকে স্বামী হিসেবে বেছে নেওয়াকে জীবনের সঠিক সিদ্ধান্ত বলেছেন তামিমা। আজ মঙ্গলবার ফেসবুকে পোস্টে এমনটি জানান তিনি।
তামিমার স্ট্যাটাসটি হুবহুতুল ধরা হলো-
সঠিক সময়ে ভুল জায়গা থেকে বেরিয়ে আসা—সবার কাছে ভুল মনে হলেও, আসলে তা সঠিক। কারণ ভুল জায়গায় সঠিক কাজকেও, ভুল বলে গণ্য করা হয়। ভুল জায়গায় সঠিক মানুষটিকে, অসনীয় যন্ত্রণা আর কষ্ট দিয়ে মেরে ফেলা হয়। ভুল জায়গায় বাবার বাড়ির সব থেকে মেধাবী মেয়েটিকেও পাগল বলা হয়।
ভুল জায়গায় চোখ ধাঁধানো সুন্দরীকেও কুৎসিত বানানো হয়! ভুল জায়গায় বিশ্বস্ত আর পবিত্র ভালোবাসার প্রতিদানে, বিশ্বাসঘাতকতা আর ধোঁকা পেতে হয়! তবুও এক দল মানুষেরা বলবে, একটু সয়ে নিলেই তো হয়! আর সেই মানুষগুলোর কাছে, নিজেকে ভালো প্রমাণের কিছু নেই, তাদের দেওয়া কলঙ্কে কিই বা আসে যায়!
তাই সাময়িক সময়ের জন্য মানুষ তোমাকে খারাপ ভাবলেও, তোমার জন্য সেই স্থান ত্যাগ করাটাই উত্তম। আজীবন ভুল জায়গায় মিথ্যা মায়ায় আবদ্ধ হয়ে ,ধুকে ধুকে মরে যাওয়া থেকে বুক ভরে স্বাধীনতার নিঃশ্বাস নাও।