সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ০৪:৪৪:৩৭

বাংলাদেশ-আফগানিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে যুক্ত হতে পারে যে দেশ

বাংলাদেশ-আফগানিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে যুক্ত হতে পারে যে দেশ

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে শেষ করেছে বাংলাদেশ। সিরিজ শেষে দেশে ফিরে ক্রিকেটাররা পাচ্ছেন কিছুটা বিশ্রামের সুযোগ। তবে আগামী অক্টোবরের শুরু থেকেই আবার ব্যস্ত সূচিতে ফিরতে পারে টাইগাররা।

আসছে সেপ্টেম্বরে সাদা বলের সিরিজ খেলতে ভারতীয় দল বাংলাদেশে না এলে ওই সময় স্কিল ক্যাম্পের ওপর জোর দিতে পারেন শান্ত-লিটনরা। এরপর অক্টোবরের শুরুতেই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের।

সূত্র বলছে, আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পারে বাংলাদেশ। সিরিজ আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ হলেও ম্যাচগুলোর নির্দিষ্ট সূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

তবে ওয়ানডে সিরিজে নতুন মোড় আসতে পারে জিম্বাবুয়ের অংশগ্রহণে। বিসিবির একজন কর্মকর্তা দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ে দলকে যুক্ত করার বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

জিম্বাবুয়ে অংশ নিতে রাজি হলে দ্বিপক্ষীয় সিরিজটি রূপ নেবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে। সেক্ষেত্রে ম্যাচের সংখ্যাও বাড়বে এবং বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে অক্টোবরের শুরুতেই জমে উঠতে পারে সাদা বলের লড়াই।

এখন সবকিছু নির্ভর করছে জিম্বাবুয়ের সিদ্ধান্তের ওপর। তাদের সম্মতি মিললেই সংযুক্ত আরব আমিরাতে তিন দলের অংশগ্রহণে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজনের পথ খুলে যাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে