শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২:৫৮

চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি, বড় সুখবর সব ক্রিকেটারদের জন্য

চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি, বড় সুখবর সব ক্রিকেটারদের জন্য

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটারদের সঙ্গে কয়েক দফা আলোচনার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে বিসিবি। এক বছর বিরতি দিয়ে আগামী বছর থেকে সুচারুভাবে বিপিএল আয়োজনের পরিকল্পনা বোর্ডের। 

ক্রিকেটারদের দেওয়া আগের প্রতিশ্রুতি এবং বিপিএল ইস্যু-দুই বিষয় বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটে নারী ও পুরুষ ক্রিকেটারদের ম্যাচ ফি দ্বিগুণ করা হয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ ফি বাড়ানো হয়েছে দ্বিগুণেরও বেশি। ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে তা করা হয়েছে দেড় লাখ টাকা।

আগামী বছর কোনো বিতর্ক ছাড়া সুষ্ঠুভাবে বিপিএল আয়োজনের আশা করছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। বৃহস্পতিবার ওয়ার্কিং কমিটির সভা শেষে তিনি বোর্ডের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের কথা জানান। শুধু ক্রিকেটারদের নয়, আম্পায়ার, মাঠকর্মী ও কোচিং স্টাফদের বেতনও বাড়ানো হবে। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন পর্যায়ে আরও কিছু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত এসেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সঙ্গে আলোচনার পর। বিপিএল স্থগিত হওয়ায় ক্রিকেটারদের আর্থিক ক্ষতির বিষয়টি বৈঠকে তুলে ধরেছিল কোয়াব। তামিম বলেন, ‘নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেললে একজন ক্রিকেটার বছরে প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকা আয় করতে পারবেন। ভবিষ্যতে বিসিবির আর্থিক অবস্থার উন্নতি হলে ম্যাচ ফি আরও বাড়ানো হবে।’

তবে সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি ক্রিকেটারদের পেশাদারিত্বও নিশ্চিত করতে চান বিসিবি সভাপতি। ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হলে কোনো ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট করেছেন তিনি। বিপিএল না করে খেলোয়াড়দের খুশি করার জন্য বেতন বাড়ানোর সিদ্ধান্ত কিনা জানতে চাইলে তামিম বলেন, ‘শুধু খেলোয়াড়দের নয়, সবার দিক দেখা হচ্ছে। একজন কর্মচারী, স্কোরার, আম্পায়ার, কোচ, ট্রেইনার বা ফিজিও-যে ভালো কাজ করছে, সবার পারিশ্রমিক ও বেতন পর্যালোচনা করা হচ্ছে। দ্রুত তাদের জন্য একটি মানসম্মত বেতন কাঠামো নির্ধারণ করা হবে।’ তিনি বলেন, ‘খেলোয়াড়দের খুশি করতে এটা করলে এক বছরের জন্য করতাম। দীর্ঘ সময়ের জন্য টেকসই কিছু করতে চেয়েছি।’

ঘরোয়া ক্রিকেটে নতুন একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিসিবি। নতুন কাঠামোয় ছয়টি দল গঠনের পরিকল্পনা রয়েছে। দলগুলোর মালিকানা বা স্পন্সরশিপ করপোরেট প্রতিষ্ঠানগুলোর কাছে দেওয়ার কথা ভাবছে বোর্ড। বিসিবি নিজে কোনো দল পরিচালনা করবে না। অতীতে বিসিএল ও বিপিএলে দল পরিচালনা করতে গিয়ে আর্থিক ক্ষতির অভিজ্ঞতা থেকে এমন সিদ্ধান্ত। টি ২০, ওয়ানডে ও চারদিনের ক্রিকেটকে একই কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তিন ফরম্যাটের জন্য একসঙ্গে ক্রিকেটার ড্রাফট হবে। তবে টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হবে ভিন্ন সময়ে। তামিম বলেন, ‘এ বিষয়ে সব কিছু চূড়ান্ত হলে শিগগিরই ঘোষণা করা হবে। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে পরিবেশ ফিরিয়ে আনা গুরুত্বপূর্ণ। মানুষের আগ্রহ ফিরিয়ে আনাও জরুরি। আশা করি, এই টুর্নামেন্ট ঘরোয়া ক্রিকেটের সেই আগ্রহ ফিরিয়ে আনবে।’

কার ম্যাচ ফি কত বাড়ল

প্রথম শ্রেণি (চারদিনের ম্যাচ)

পুরুষ দল : ৭০ হাজার থেকে দেড় লাখ টাকা

নারী দল : ২০ হাজার থেকে ৪০ হাজার টাকা

লিস্ট-এ (ওয়ানডে)

পুরুষ দল : ৫০ হাজার থেকে ১ লাখ টাকা

নারী দল : ১৫ হাজার থেকে ৩০ হাজার টাকা

টি ২০

পুরুষ দল : ৪০ হাজার থেকে ৮০ হাজার টাকা

নারী দল : ১০ হাজার থেকে ২০ হাজার টাকা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে