স্পোর্টস ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজের অভিষেক মৌসুমের শুরু থেকেই বল হাতে আলো ছড়াচ্ছেন মেহেদী হাসান মিরাজ।
গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে প্রথম ম্যাচে ৩ উইকেটের পর দ্বিতীয় ম্যাচে ৪ উইকেট শিকার করেছেন মিরাজ। হয়েছেন ম্যাচসেরাও। তবে ওই দুই ম্যাচে ব্যাট হাতে করেছেন ১ ও ২ রান।
আজ অবশ্য অলরাউন্ডার মিরাজেরই দেখা মিলেছে। ২ উইকেট নেওয়ার আগে ১ চার ও ১ ছক্কায় করেছেন ১৮ রান। যদিও তা টি-টোয়েন্টিসুলভ ছিল না। বল ‘গিলে ফেলেছেন’ ২৪টি।
তবে শেষ পর্যন্ত মিরাজের অলরাউন্ড পারফরম্যান্স কোনো কাজে আসেনি। লিগ পর্বের শেষ ম্যাচে বার্বাডোজ ট্রাইডেন্টসের কাছে ৬ উইকেটে হেরেছে গায়ানা।
ব্রিজটাউনের কেনসিংটন ওভালে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে আল্লাহ গজনফরের ঘূর্ণিতে মাত্র ৯৯ রানে অলআউট হয় গায়ানা। জবাবে ৩১ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বার্বাডোজ।
কুইন্টন ডি কককে বোল্ড করার পর স্যাড্রার্ক ডেকার্টকে রোনালদো আলীমোহাম্মদের ক্যাচ বানান মিরাজ। এর আগে গায়ানা ১৫ রানে ৩ উইকেট হারালে ব্যাটিংয়ে নামেন এই বাংলাদেশি অলরাউন্ডার।
শুরুর ধাক্কা সামাল দিতে রয়েসয়েই ব্যাটিং করেন মিরাজ। কিন্তু দলকে শেষ পর্যন্ত বিপদ থেকে উদ্ধার করতে পারেননি। অবশ্য এই হারে কোনো ক্ষতি হয়নি গায়ানার। আগেই প্লে-অফ পর্ব নিশ্চিত করায় এই ম্যাচ তাদের জন্য ছিল নিছক আনুষ্ঠানিকতার।
বাংলাদেশ সময় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে প্রথম কোয়ালিফায়ারে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের মুখোমুখি হবে গায়ানা।
সংক্ষিপ্ত স্কোর
গায়ানা আমাজন ওয়ারিয়র্স : ১৮.১ ওভারে ৯৯ অলআউট (ফিলিপস ২৪, শেফার্ড ২২, মিরাজ ১৮; লেইন ৩/১৪, গজনফর ৩/১৭)।
বার্বাডোজ ট্রাইডেন্টস : ১৪.৫ ওভারে ১০০/৪ (কিং ৪৪*, ডেকার্ট ৩২; মিরাজ ২/২৫, পারমল ১/১৪)।
ফল : বার্বাডোজ ট্রাইডেন্টস ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : আল্লাহ গজনফর।