বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৪:০৯

আইসিসি র‍্যাংকিংয়ে বাংলাদেশি ক্রিকেটারদের উন্নতি, বড় লাফ দিলেন যিনি

আইসিসি র‍্যাংকিংয়ে বাংলাদেশি ক্রিকেটারদের উন্নতি, বড় লাফ দিলেন যিনি

স্পোর্টস ডেস্ক : প্রায় এক মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা নেই বাংলাদেশের। তবু সর্বশেষ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারের। দুই ধাপ এগিয়ে ব্যাটারদের র‍্যাংকিংয়ে ১৮ নম্বরে উঠেছেন তানজিদ হাসান তামিম। তার সঙ্গে এক ধাপ করে উন্নতি হয়েছে সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনেরও। অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ভারতের একাধিক ক্রিকেটার। যার মধ্যে বড় লাফ দিয়েছেন অভিষেক শর্মা, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ ও আর্শদীপ সিং।

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ভারত ইতোমধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে আছে। সিরিজের প্রথম দুই ম্যাচে ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্সের প্রভাব পড়েছে সর্বশেষ প্রকাশিত র‍্যাংকিংয়েও।

ব্যাটারদের তালিকায় সবচেয়ে বড় লাফ দিয়েছেন অভিষেক শর্মা। সিরিজের প্রথম ম্যাচে ৮২ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেছিলেন বাঁহাতি এই ওপেনার। সেই পারফরম্যান্সে এক ধাপ এগিয়ে পাকিস্তানের সাহিবজাদা ফারহানকে পেছনে ফেলেছেন অভিষেক। ফলে টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি।

অভিষেকের ওপরে আছেন আরেক ভারতীয় ঈশান কিষান। দুজনের মধ্যে রেটিং পয়েন্টের ব্যবধান ৫১। সিরিজের দ্বিতীয় ম্যাচে অর্ধশতক করা সাঞ্জু স্যামসনও চার ধাপ এগিয়েছেন। তার অবস্থান এখন ৩০তম।

বোলারদের র‍্যাংকিংয়েও ভারতের ক্রিকেটারদের উন্নতি চোখে পড়ার মতো। দুই ধাপ এগিয়ে বরুণ চক্রবর্তী উঠেছেন পঞ্চম স্থানে। জাসপ্রিত বুমরাহ সাত ধাপ এগিয়ে উঠে এসেছেন ১০ নম্বরে। আর সবচেয়ে বেশি উন্নতি হয়েছে আর্শদীপ সিংয়েট, ১১ ধাপ এগিয়ে এখন ১৪তম স্থানে আছেন তিনি। অক্ষর প্যাটেলও ছয় ধাপ এগিয়ে ২৭তম স্থানে উঠেছেন।

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে তানজিদ হাসান তামিমের উন্নতিই সবচেয়ে বেশি। দুই ধাপ এগিয়ে ৬৪৮ রেটিং পয়েন্ট নিয়ে তিনি এখন ১৮ নম্বরে। আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের পর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছে বাংলাদেশ। এশিয়ান গেমসকে সামনে রেখে এখন ব্যস্ততা চলছে তানজিদ, সাইফদের।

তামিমের সঙ্গে র‍্যাংকিংয়ে এগিয়েছেন সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনও। এক ধাপ করে উন্নতি হয়েছে দুজনের। ৬০৮ রেটিং পয়েন্ট নিয়ে সাইফ এখন ২৭তম স্থানে। ৫১৪ পয়েন্ট নিয়ে ইমনের অবস্থান ৫৫তম।

অন্যদিকে লিটনের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ৪৯৬ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আগের মতোই ৬৫তম স্থানে আছেন। ৫৭৭ পয়েন্ট নিয়ে ৩৩তম স্থানে আছেন তাওহীদ হৃদয়। তারও অবস্থানের পরিবর্তন হয়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে