স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের পূর্ণকালীন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথম সিরিজেই ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন সাহিবজাদা ফারহান। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টানা তিনটি অর্ধশতক হাঁকিয়ে গড়েছেন নতুন বিশ্বরেকর্ড। এই কীর্তিতে ভারতের মারকুটে ওপেনার অভিষেক শর্মাকে পেছনে ফেলেছেন পাকিস্তানের এই ডানহাতি ব্যাটার।
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচে ৭৯.৩৩ গড় এবং ১৬৫.২৭ স্ট্রাইক রেটে মোট ২৩৮ রান করেছেন ৩০ বছর বয়সি ফারহান। এর আগে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে তিন ম্যাচের দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল অভিষেকের। চলতি বছর আফগানিস্তানের বিপক্ষে ভারতের মাটিতে তিন ম্যাচের সিরিজে ৭৬.৩৩ গড়ে ২২৯ রান করেছিলেন তিনি। এবার সেই রেকর্ড নিজের করে নিলেন ফারহান।
সিরিজের প্রথম ম্যাচেই ঝোড়ো ব্যাটিংয়ে নিজের আগমনী বার্তা দেন পাকিস্তানি ওপেনার। ৫৩ বলে ১০টি চার ও চারটি ছক্কার সাহায্যে ৮৯ রান করেন তিনি। তার দুর্দান্ত ইনিংসে ভর করে ১৮৩ রানের লক্ষ্য পেরিয়ে ৪ উইকেটের জয় তুলে নেয় পাকিস্তান।
দ্বিতীয় ম্যাচেও ফারহানের ব্যাট ছিল সমান উজ্জ্বল। মাত্র ৪৪ বলে ৭৩ রান করেন তিনি। তার এই ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। জবাবে শ্রীলঙ্কার ইনিংস থামে ৭ উইকেটে ১৩৩ রানে। ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকেরা।
শেষ ম্যাচেও ধারাবাহিকতা ধরে রাখেন ফারহান। ৪৭ বলে করেন ৭৬ রান। তার ব্যাটিংয়ে ভর করে প্রথমে ব্যাট করা পাকিস্তান ৮ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে। তবে এবার আর জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি স্বাগতিকেরা। ৮ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জিতে হোয়াইটওয়াশের লজ্জা এড়ায় শ্রীলঙ্কা।
ব্যাট হাতে অসাধারণ ধারাবাহিকতার স্বীকৃতি হিসেবে সিরিজসেরার পুরস্কারও জিতেছেন পাকিস্তানের অধিনায়ক। তিন ম্যাচে ২৩৮ রান করে শুধু দলকে সিরিজ জেতাতেই ভূমিকা রাখেননি, একই সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিন ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে সর্বোচ্চ রানের নতুন রেকর্ডও গড়েছেন তিনি।
তিন ম্যাচের দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ রান
১. সাহিবজাদা ফারহান (পাকিস্তান): ২৩৮ রান, শ্রীলঙ্কার বিপক্ষে, ২০২৬
২. অভিষেক শর্মা (ভারত): ২২৯ রান, আফগানিস্তানের বিপক্ষে, ২০২৬
৩. কলিন মানরো (নিউজিল্যান্ড): ২২৩ রান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ২০১৭-১৮
৪. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া): ২১৭ রান, শ্রীলঙ্কার বিপক্ষে, ২০১৯